কাবুল, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস মঙ্গলবার আকস্মিক সফরে আফগানিস্তানে গেছেন। গেটস জানিয়েছেন, এ সফরে তিনি 'সৎ' মন্ত্রীদের নিয়োগ দেওয়ার জন্য আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইকে চাপ দেবেন।
আফগানিস্তানে আরও ৩০ হাজার মার্কিন সেনা পাঠানোর নিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার ঘোষণার এক সপ্তাহ পরই দেশটিতে এ অঘোষিত সফরে গেলেন গেটস। এছাড়া ২০১১ সালের জুলাইয়ে আফগানিস্তন থেকে মার্কিন সেনা প্রত্যাহারেরও ঘোষণা দিয়েছেন ওবামা।
সফরকালে গেটস মার্কিন সেনাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তাদের জানাবেন, "আমরা এ লড়াই জিততে এসেছি।"
গেটস আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই ও অন্যন্য নেতাদের সঙ্গেও বৈঠক করবেন। বৈঠকে তিনি আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আগেই আফগান সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিয়ে সেনা প্রত্যাহারের দিনের জন্য প্রস্তুত রাখার বিষয়টি নিয়ে কথা বলবেন।
সফররত সাংবাদিকদের গেটস বলেন, "পরিস্থিতির উন্নতি হলেই আমরা সেনা কমাতে সক্ষম হব , তবে আফগানিস্তানের সঙ্গে বেসামরিক, অর্থনীতি ও উন্নয়নের মতো অন্যান্য ক্ষেত্র আমাদের সম্পর্কে গুরুত্ব পাবে।"
আফগানিস্তান ও পাকিস্তান বিষয়ক মার্কিন যুদ্ধকৌশল পুনর্নির্ধারণের পর এটিই হবে মার্কিন কোনও শীর্ষ কর্মকর্তার সঙ্গে হামিদ কারজাইয়ের প্রথম বৈঠক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩৩৪ ঘ.
bdnews24