২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বে জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগ কমেছে: জরিপ

জলবায়ু পরিবর্তন নিয়ে গত দু'বছরে বিশ্বে মানুষের উদ্বেগ কমেছে। রোববার প্রকাশিত একটি জরিপের ফলে এ তথ্য বেরিয়ে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2009, 12:35 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

কোপেনহেগেন, ডিসেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- জলবায়ু পরিবর্তন নিয়ে গত দু'বছরে বিশ্বে মানুষের উদ্বেগ কমেছে। রোববার প্রকাশিত একটি জরিপের ফলে এ তথ্য বেরিয়ে এসেছে। কোপেনহেগেনে ১৯০ টি দেশের জলবায়ু সম্মেলনের আগে 'দ্য নিলসেন/অক্সফোর্ড' বিশ্ববিদ্যালয় পরিচালিত এ জরিপে এমনটি দেখা গেল। এতে দেখা গেছে, ৫৪ টি দেশে ২৭ হাজারেরও বেশি ইন্টারনেট ব্যবহারকারীর ৩৭ শতাংশ বলেছে, তারা জলবায়ু পরিবর্তন নিয়ে 'অত্যন্ত উদ্বিগ্ন'। এ পরিসংখ্যান দু'বছর আগে পরিচালিত ঠিক একইরকম একটি জরিপের পরিসংখ্যানের চেয়ে ৪১ শতাংশ কম। অক্টোবরে পরিচালিত এ জরিপ সম্পর্কে নিলসন কোম্পানি বলেছে, বিশ্বে জলবায়ু পরিবর্তন নিয়ে মানুষের মাথাব্যথা কমে এসেছে। বিশ্বে অর্থনৈতিক মন্দার সঙ্গে এর সম্পর্ক রয়েছে বলেই মনে করছে তারা। বিশ্বে ২য় বৃহত্তম গ্রিনহাউজ গ্যাস নির্গমনকারী দেশ যুক্তরাষ্ট্রে জলবায়ু পরিবর্তন নিয়ে 'অত্যন্ত উদ্বিগ্ন' মানুষের সংখ্যা ৩৪ শতাংশ থেকে কমে ২৫ শতাংশ হয়েছে। তবে কয়েকটি দেশের মধ্যে বিশ্বে শীর্ষ গিনহাউজ গ্যাস নির্গমনকারী দেশ চীনে জরিপ চালিয়ে দেখা গেছে, সেখানে জলবায়ু পরিবর্তন নিয়ে 'অত্যন্ত উদ্বিগ্ন' মানুষের সংখ্যা ৩০ শতাংশ থেকে বেড়ে ৩৬ শতাংশ হয়েছে। জরিপে জলবায়ু পরিবর্তন নিয়ে বেশি উদ্বেগ দেখা গেছে ল্যাতিন আমেরিকা এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোতে। ফিলিপাইনে এ হার বেড়ে দাঁড়িয়েছে ৭৮ শতাংশে। অন্যদিকে, জলবায়ু পরিবর্তন নিয়ে সবচেয়ে কম উদ্বেগ লক্ষ্য করা গেছে প্রধানত পূর্ব ইউরোপের দেশগুলোতে। এস্তোনিয়ায় মাত্র ১০ শতাংশ মানুষ জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। নিলসন কোম্পানির পরিচালক জোনাথন ব্যাংকস বলেন, "বিশ্বে অর্থনৈতিক দুর্দশার কারণে সাময়িকভাবে জলবায়ু পরিবর্তন ইস্যুটি গুরুত্ব হারিয়েছে। তবে এখন মন্দা কেটে যাচ্ছে। আর এরই মধ্যে কোপেনহেগেন সম্মেলনের ফলে গুরুত্বপূর্ণ এ ইস্যুটি আবারও সামনে চলে আসবে এবং মানুষ নতুন করে এটি নিয়ে ভাববে বলে আমরা আশা করি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮২৯ ঘ.