২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিন গ্রহ নিয়ে আর ভীত নয় ব্রিটেন

ভিন গ্রহের তথাকথিত হুমকি মোকাবিলায় অর্থ ব্যয়ের আর কারণ খুঁজে পাচ্ছে না ব্রিটেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2009, 12:40 PM

Updated : 26 Aug 2022, 12:26 PM

লন্ডন, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ভিন গ্রহের তথাকথিত হুমকি মোকাবিলায় অর্থ ব্যয়ের আর কারণ খুঁজে পাচ্ছে না ব্রিটেন। দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে চলার পর ইউএফও (অচেনা উড়ন্ত বস্তু) তদন্ত ইউনিটটি বন্ধ করে দিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, পৃথিবীর বাইরে থেকে ব্রিটেনের ওপর হুমকি বা ভিন গ্রহের কোনো প্রাণীর উপস্থিতির কোনো প্রমাণ না থাকায় এটি বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও ইউএফও'র বিষয়ে মন্ত্রণালয়ের হটলাইন ও ই-ডাকে হাজার হাজার বার্তা জমা পড়ে আছে। এতে আরও বলা হয়েছে, ভিন গ্রহের বাসিন্দা বা এলিয়েনের অস্তিত্ব সম্পর্কে তাদের কোনো বক্তব্য নেই। তারা এও জানিয়েছে, তাদের এ ধরনের প্রাণীর অস্তিত্ব নির্ণয় করার ক্ষমতাও নেই। এতে বলা হয়, "এ অনুসন্ধানে প্রতিরক্ষার কোনো লাভ নেই এবং এটা অনুসন্ধান করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জনবলের অযথা ব্যবহার হবে।" মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, ব্রিটেনের আকাশসীমায় কোনো হুমকি এলে রাডারের মাধ্যমে তা সনাক্ত করা হবে এবং জঙ্গি বিমানের সঙ্গে বিমানবাহিনী তার মোকাবেলা করবে। সেই সঙ্গে তিনি আরো জানান, আফগানিস্তানে ন্যাটোর নেতৃত্বে নয় হাজার ব্রিটিশ সেনা তালেবানের বিরুদ্ধে লড়ছে। এ জনবল আফগানিস্তান যুদ্ধসহ আরো গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত করা হবে। ইউএফও বিষয়ক কর্মকর্তাকে অন্যত্র কাজ দেওয়া হবে। এতে বছরে প্রায় ৪৪ হাজার পাউন্ড খরচ কমবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/জিএনএ/১৮৩৬ ঘ.