রাওয়ালপিন্ডি, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে একটি মসজিদে তিন আত্মঘাতী হামলাকারীর গুলি ও বোমা হামলায় সেনা কর্মকর্তারাসহ অন্ততপক্ষে ৪০ জন নিহত হয়েছে। পুলিশ শুক্রবার একথা জানিয়েছে।
সেনা সদরদপ্তারগুলোর কাছে ওই মসজিদে শুক্রবারের নামাজের সময় মুসল্লিদের ওপর ওই হামলা হয়। রাওয়ালপিন্ডির পুলিশ প্রধান রাও ইকবাল রয়টার্সকে বলেছেন, "তারা তিনজন ছিল। তারা প্রথমে গুলি ছোড়ে এবং তারপর দেহে বাঁধা বোমা বিস্ফারণ ঘটায়।"
ওদিকে, প্রত্যক্ষদর্শীরা এর আগে জানায়, হামলাকারীরা গ্রেরড হামলা চালায়। তারপর মসজিদে গুলি ছোড়ে।
রাওয়ালপিন্ডিতে উদ্ধার কার্যক্রম বিভাগের কন্ট্রোল রুমের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা সোহেল রিয়াজ প্রাথমিক খবরে রয়টার্সকে বলেন, ১৫ জনের মৃতদেহ সরিয়ে নেওয়া হয়েছে এবং ৩৫ জন আহতকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
এক সামরিক মুখপাত্র জানান, মসজিদে জঙ্গিদের গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
মুখপাত্র মেজর জেনারেল আতহার আব্বাস বলেন, মসজিদে বন্দুকের গুলি ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে তিনি হতাহতের সংখ্যা এবং সন্ত্রাসীদের সংখ্যা জানাতে পারেননি।
পাকিস্তানের সেনাবাহিনী দক্ষিণ ওয়াজিরিস্তানের তালেবান ঘাঁটিগুলোতে বড় ধরনের অভিযান শুরু করায় জঙ্গিরা দেশজুড়ে হামলা জোরদার করেছে। ইতোমধ্যেই কয়েক দফা জঙ্গি হামলায় পাকিস্তানে শ শ মানুষ নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭২৭ ঘ.
bdnews24