২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে অযোধ্যা রিপোর্টে কোণঠাসা বিজেপি

অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের দীর্ঘপ্রতিক্ষীত তদন্ত রিপোর্ট মঙ্গলবার প্রকাশ করেছে ভারত সরকার। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2009, 03:25 PM

Updated : 26 Aug 2022, 12:24 PM

নয়াদিল্লি, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের দীর্ঘপ্রতিক্ষীত তদন্ত রিপোর্ট মঙ্গলবার প্রকাশ করেছে ভারত সরকার। এতে বিরোধীদল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতাদের ভূমিকা থাকার অভিযোগ থাকায় কোণঠাসা হয়ে পড়েছে দলটি। ইতোমধ্যেই নাজুক অবস্থানে থাকা বিজেপির জন্য এটি আরেকটি বড় ধাক্কা। ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা এর আগে সোমবারই রিপোর্টটি ফাঁস করে। এ নিয়ে হট্টগোলে এদিন পণ্ড হয় ভারতের পার্লামেন্ট অধিবেশন। এখন সরকার এ রিপোর্ট প্রকাশ করায় প্রচণ্ড বিব্রতকর অবস্থায় পড়েছে বিজেপি। ফেডারেল ও রাজ্য নির্বাচনে হেরে বিজেপি এমনিতেই দুর্বল হয়ে পড়েছে। তার ওপর এই রিপোর্ট সম্পর্কে রাজনৈতিক বিশ্লেষক অমূল্য গাঙ্গুলি বলেছেন, বিজেপির জন্য এটি একটি বড় ধাক্কা। এতে বিজেপির মধ্যপন্থী পার্টি হিসাবে নিজেদেরকে তুলে ধরার প্রচেষ্টা ব্যাহত হবে। সেইসঙ্গে আগামী নির্বাচনে তাদের জয়লাভের সুযোগও মারাত্মকভাবে ব্যাহত হবে। ১৯৯২ সালে হিন্দু কট্টরপন্থিদের বাবরি মসজিদ ধ্বংসের ঘটনায় ভারতে দাঙ্গা ছড়িয়ে পড়েছিল। এ ঘটনার ১৭ বছরের তদন্ত শেষে প্রকাশিত রিপোর্টটিতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী এবং বর্তমান বিরোধীদলীয় নেতা লাল কৃষ্ণ আদভানি বাবরি মসজিদ ধ্বংসের পরিকল্পনা জেনেও তা ঠেকানোর তেমন কোনও পদক্ষেপ নেননি। বাজপেয়ী এবং আদভানি ছাড়াও রিপোর্টে আরও বেশ কয়েকজন বিজেপি নেতাকে ওই ঘটনায় জড়িত থাকার জন্য দোষারোপ করা হয়েছে। রিপোর্টটি পার্লামেন্টে পেশ করার সঙ্গে সঙ্গে বিজেপি আইনপ্রণেতারা সরকারের বিরুদ্ধে স্লোগানে মুখর হয়ে ওঠেন। তদন্ত কমিশনের তথ্য ন্যায়সঙ্গত নয়, অসৎ উদ্দেশ্যপূর্ণ এবং কমিশনের কাছে দেওয়া তথ্যপ্রমাণের বিরুদ্ধে বলে তারা অভিযোগ করেন। এর আগে ইন্ডিয়ান এক্সপ্রেস রিপার্টটি ফাঁস করায় সরকার মঙ্গলবারেই তা পার্লামেন্টে পেশ করার সিদ্ধান্ত নেয়। আদভানি এবং বাজপেয়ী দুজনেই বলেছেন, বাবরি মসজিদ ধ্বংসের ঘটনাটি স্বতস্ফূর্তভাবে ঘটেছে। এর কোনও ষড়যন্ত্র করা হয়নি কিংবা কোনও পরিকল্পনাও ছিল না। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্টে সোমবার বলা হয়, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতারা মসজিদ ধ্বংসের পরিকল্পনায় জড়িত ছিলেন। রিপোর্টর্টি নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পার্লামেন্ট। ক্ষুব্ধ আইনপ্রণেতাদের হট্টগোলে পার্লামেন্ট অধিবেশন মুলতবি হয়ে যায়। বিরোধীদলীয় নেতারা লজ্জা, লজ্জা বলে চেঁচিয়ে উঠে রিপোর্ট ফাঁসের জন্য সরকারকে দায়ী করেন। আদভানি এবং বাজপেয়ী দুজনেই বাবরি মসজিদ ধ্বংসে তাদের কোনও ভূমিকা থাকার কথা অস্বীকার করেন এবং রিপোর্ট প্রকাশের ঘটনায় বিস্ময় প্রকাশ করেন। পত্রিকার কপি হাতে নিয়ে আদভানি পার্লামেন্টে বলেন, "কোনও ষড়যন্ত্র কিংবা পরিকল্পনা হয়নি। আমি নিজে কমিশনকে বলেছি, ওই দিনটি আমার জীবনের সবচেয়ে দুঃখের দিন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৪৩ ঘ.