পাকিস্তান, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানে উত্তরপশ্চিমাঞ্চলের জঙ্গি ঘাঁটিগুলোতে নিরাপত্তা বাহিনীর গোলা হামলায় ২২ জঙ্গি নিহত হয়েছে। এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সোমবার একথা বলেছেন।
ওরাকজাই আদিবাসী অঞ্চলের তালেবান ঘাঁটিতে শাহুখেল গ্রামে জঙ্গিদের ওপর হামলার পর রোববার রাতে লড়াই শুরু হয়।
স্থানীয় পুলিশ কর্মকর্তা ফরিদ কত্থক রয়টার্সকে বলেন, "সারারাত প্রচন্ড লড়াই হয়েছে। জঙ্গিরা রকেট চালিত গ্রেনেড ছুড়েছে। আর সেনারা ট্যাংকের গোলা ছুড়ে এর পাল্টা জবাব দিয়েছে।"
তিনি বলেন, "আমরা ২২ জঙ্গির লাশ পেয়েছি। আর ১৪ জঙ্গি ধরা পড়েছে।"
পাকিস্তানের সেনারা ১৭ অক্টোবর থেকে দক্ষিণ ওয়াজিরিস্তানে স্থল অভিযান চালাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮২৮ ঘ.
bdnews24