কিগালি, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রোয়ান্ডায় ১৯৮৪ সালের গণহত্যা থেকে বেঁচে যাওয়া লোকজনের সংগঠনগুলো বলেছে, সম্প্রতি দুই সন্দেহভাজনকে খালাস দেওয়ার প্রতিবাদে তারা তাঞ্জানিয়ায় জাতিসংঘ আদালতে সাক্ষী পাঠানো বন্ধ করে দিতে পারে।
গণহত্যার বিচারের জন্য অনেক প্রত্যক্ষদর্শীদের তাঞ্জানিয়ায় পাঠানো সংগঠনগুলো বলেছে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল ফর রোয়ান্ডা (আইসিটিআর) হোরমিসডাস নসেঙ্গিমানা ও প্রোতিয়াস জিগিরানইরাজোকে মুক্তিদানের সিদ্ধান্ত না বদলালে তারা আদালতকে সহযোগিতা করা বন্ধ করে দেবে।
সংগঠনগুলোর জোট আইবিইউকেএ'র সাধারণ সম্পাদক ফ্রেদি মুতানগুহা রয়টার্সকে বলেছেন, "আইসিটিআর'র উচিত ওই সিদ্ধান্ত প্রত্যাহার করা।--- এ ব্যাপারে কোনো ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া না হলে সম্পর্ক ভেঙে যাবে।"
আইসিটিআর এখন পর্যন্ত ৪৭টি মামলার শুনানি করে ৩৯টিতে আসামিদের দোষীসাব্যস্ত করেছে। এ সপ্তাহে নসেঙ্গিমানাকে মুক্তি দিয়ে বলেছে, এই ক্যাথলিক যাজককে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে দোষীসাব্যস্ত করার মতো তথ্যপ্রমাণ তাদের কাছে নেই।
তাঞ্জানিয়াভিত্তিক আদালতটি জিগিরানইরাজোকে মুক্তি দেয় 'আইনি প্রক্রিয়ায় ত্র"টি ও তথ্যপ্রমাণে মারাত্মক ঘাটতির' উল্লেখ করে।
রোয়ান্ডার রাজধানী কিগালিতে আইসিটিআর এর শাখার সামনে প্রায় ২০০ জন শুক্রবার বিক্ষোভ করে। এদের একজন এজাইদ কায়াইনিমুরা (২১) ১০০ দিনব্যাপী ওই হত্যাযজ্ঞে পরিবারের সব সদস্যকে হারিয়েছিলেন।
তিনি বলেন, "আদালতের সিদ্ধান্তে ব্যক্তিগতভাবে আমি খুবই দুঃখ পেয়েছি। আমরা কিছুতেই ওই সিদ্ধান্ত মানতে পারছি না। তারা ওই দুই ব্যক্তিকে ছেড়ে দেওয়ার আমরা খুবই মর্মাহত।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭৪১ ঘ.
bdnews24