২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তান: জন্মও যেখানে ঝুঁকিপূর্ণ

যুক্তরাষ্ট্রের আগ্রাসনে আফগানিস্তানে তালেবানরা ক্ষমতাচ্যুত হওয়ার আট বছর পরও যুদ্ধবিধ্বস্ত এই দেশটিতে শিশুর জন্ম বিশ্বের যে কোনও জায়গার চেয়ে সবেচেয়ে বেশি বিপজ্জনক। বিশেষ করে মেয়ে শিশুদের জন্ম আরও বিপজ্জনক। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা (ইউনিসেফ) বৃহস্পতিবার তাদের বার্ষিক প্রতিবেদনে একথা বলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2009, 10:09 AM

Updated : 26 Aug 2022, 12:23 PM

জেনেভা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের আগ্রাসনে আফগানিস্তানে তালেবানরা ক্ষমতাচ্যুত হওয়ার আট বছর পরও যুদ্ধবিধ্বস্ত এই দেশটিতে শিশুর জন্ম বিশ্বের যে কোনও জায়গার চেয়ে সবেচেয়ে বেশি বিপজ্জনক। বিশেষ করে মেয়ে শিশুদের জন্ম আরও বিপজ্জনক। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা (ইউনিসেফ) বৃহস্পতিবার তাদের বার্ষিক প্রতিবেদনে একথা বলেছে। বিশ্বে শিশুদের অবস্থা নিয়ে তৈরি করা এ প্রতিবেদনে আরও বলা হয়েছে, আফগানিস্তানে শিশু মৃত্যুর হার বিশ্বে সর্বাধিক। প্রতি হাজারে ২৫৭ জন শিশু জন্মের সময় মারা যায়। আর জনগণের ৭০ শতাংশই বিশুদ্ধ পানির সঙ্কটে ভুগছে। এর মধ্যে মরার উপর খাঁড়ার ঘায়ের মতো তালেবান হামলা সমস্যাটি আরও বাড়িয়ে তুলছে। শিশুদের জন্য টিকাদান কর্মসূচি চালানো কঠিন হওয় পড়ায় পোলিওর মতো শিশুকে পঙ্গু করে ফেলার মতো ভয়াবহ এ রোগ দেশটিতে এখনও মহামারী আকারে রয়ে গেছে। রয়েছে শিশু হন্তারক হামের প্রাদুর্ভাব। জেনেভায় এক সংবাদ ব্রিফিংয়ে ইউনিসেফের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক ড্যানিয়েল টুলে বলেন," আফগানিস্তান যে শিশু জন্মের জন্য বিশ্বে সবচেয়ে বিপজ্জনক জায়গা তাতে কোনও সন্দেহ নেই।" গত মাসে কাবুলের একটি জাতিসংঘ অতিথিশালায় হামলা চালিয়ে তালিবান জঙ্গিরা পাঁচ জাতিসংঘ কর্মী হত্যা করে। এরপর থেকেই শুরু হয় আফগানিস্তান থেকে বিদেশি কর্মী সরিয়ে নেওয়া। নিরাপত্তার অভাবে আফগানিস্তানে অবস্থানরত ত্রাণ সংস্থাগুলোর ৪৩ শতাংশ কর্মীর কাজই প্রায় বন্ধ রয়েছে। যার মধ্যে টুলিও একজন। টুলি আরও জানান, গত বছর ৩১৭টির মতো স্কুলে হামলা হয়েছে। হত্যা করা হয়েছে ১২৪ জন শিশুকে এবং আহত হয়েছে আরও ২৯০ জন। তিনি বলেন,"আমরা দেখেছি বহু শিশু স্কুল ছেড়ে দিচ্ছে। বিশেষ করে মেয়ে শিশুরা।" তিনি জানান, আফগানিস্তানের স্কুলগুলোতে ৫০ লাখ ছেলে মেয়ে পড়াশুনা করে। যাদের মধ্যে ২০ লাখ মেয়ে শিশু। অথচ ২০০১ সালে তালেবানরা ক্ষমতা থেকে চলে যাওয়ার সময় মূলত কোনও মেয়ে শিশুই স্কুলে যেত না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৬০৮ ঘ.