বেজিং, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এশিয়া সফরের শেষ পর্যায়ে বুধবার দক্ষিণ কোরিয়া পৌঁছেছেন। উত্তর কোরিয়াকে কীভাবে পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনায় ফেরানো যায় এবং সউল ও ওয়াশিংটনের মধ্যে বিলম্বিত একটি বাণিজ্য চুক্তির বিষয়ে দেশটির নেতাদের সঙ্গে তার মূল আলোচনা হওয়ার কথা রয়েছে।
ওবামার এশিয়া সফর শুরুর আগেভাবে উত্তর কোরিয়া দক্ষিণের সঙ্গে সংক্ষিপ্ত নৌ-লড়াইয়ে লিপ্ত হয়ে এবং পরমাণু বোমা প্রস্তুতের উপযোগী নতুন কিছু প্লুটোনিয়াম উৎপন্ন করার ঘোষণা দিয়ে এই অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।
দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলেছেন, বৃহস্পতিবার প্রেসিডেন্ট লি মিয়াং-বাক এর সঙ্গে ওবামার আলোচনায় উত্তর কোরিয়াই হবে মূল বিষয়। এ ছাড়াও একটি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হবে; গাড়িসহ মার্কিন পণ্যের জন্য দক্ষিণ কোরিয়ার বাজার যথেষ্ট উন্মুক্ত করা হচ্ছে না- যুক্তরাষ্ট্রের এই আপত্তির কারণে চুক্তিটি সম্পাদিত হওয়া বিলম্বিত হচ্ছে।
সউলের কাছে সেজং ইনস্টিটিউটের একজন বিশ্লেষক চুং সিয়ং-চ্যাং বলেছেন, "তারা পরমাণু অস্ত্র ত্যাগ করতে উত্তর কোরিয়ার ওপর প্রবল চাপ সৃষ্টি করবে। তবে একইসঙ্গে তারা এটাও জানাবে, পরমাণু অস্ত্র বাদ দিলে অনেক লাভবান হবে দেশটি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯৪৩ ঘ.
bdnews24