রোম, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ক্ষুধামুক্তির লড়াইয়ে জলবায়ু চুক্তিকে প্রাধান্য দিয়ে সোমবার রোমে শুরু হয়েছে বিশ্ব খাদ্য সম্মেলন। জলবায়ু নিরাপত্তা ছাড়া খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলে সম্মেলনের উদ্বোধনীতে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
বিশ্ব উষ্ণায়নের কারণে দরিদ্র দেশগুলোর কৃষি হুমকির মুখে পড়ায় ক্ষুধামুক্তির লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে আগামী মাসের কোপেনহেগেন সম্মেলনের জলবায়ু চুক্তি।
তিনদিনের জাতিসংঘ খাদ্য সম্মেলনে বৈঠকে বসেছেন সরকারি নেতা ও কর্মকর্তারা। উন্নয়নশীল দেশগুলোকে ক্রমবর্ধমান জনসংখ্যার সঙ্গে তাল মিলিয়ে কিভাবে খাদ্য উৎপাদন বাড়াতে সহায়তা করা যায় তা নিয়ে আলোচনা করছেন তারা।
বান বলেন, আগামী মাসের কোপেনহেগেন সম্মেলনে আমাদের সামগ্রিক একটি জলবায়ু চুক্তিতে উপনীত হওয়া প্রয়োজন। যাতে জলবায়ু পরিবর্তন রোধে আইনগতভাবে বাধ্যবাধকতার চুক্তি মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত থাকে।
এর আগে রোববারের এপেক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ অন্যান্য নেতারা কার্বন নির্গমন বাধ্যতামূলকভাবে হ্রাসের চুক্তি দেরিতে করার ব্যাপারে একমত হওয়ায় আশু কোনও জলবায়ু চুক্তির সম্ভাবনা স্তিমিত হয়ে পড়ে।
কিন্তু জলবায়ু চুক্তি ছাড়া খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় মন্তব্য করে বান সবাইকে এ ব্যাপারে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা 'এফএও' বলেছে, পৃথিবীর তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি বেড়ে গেলে আফ্রিকা, এশিয়া, ল্যাটিন আমেরিকার সম্ভাব্য কৃষি উৎপাদন ২০ থেকে ৪০ শতাংশ কমে যেতে পারে।
সাব সাহারা আফ্রিকার কৃষি ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এ অঞ্চলই বিশ্ব উষ্ণায়নের সবচেয়ে বেশি ক্ষতির শিকার হবে।
বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা ১শ কোটি ছাড়িয়ে যাওয়ায় এফএও নেতাদের কাছ থেকে কৃষিখাতে সরকারি সাহায্যের ভাগ ৫ শতাংশ থেকে মোট ১৭ শতাংশ বাড়ানোর প্রতিশ্র"তির আশায় এ সম্মেলন ডেকেছে।
এতে করে এখনকার ৭ দশমিক ৯ বিলিয়ন ডলারের সাহায্য বেড়ে দাঁড়াবে ৪৪ বিলিয়ন ডলারে। ধনী দেশগুলোর কৃষকরা প্রতিবছর কৃষিতে ৩৬৫ বিলিয়ন ডলার সহায়তা পেয়ে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৫৭ ঘ.
bdnews24