টোকিও, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিয়ানমার বিরোধীদলীয় নেত্রী অং সান সুচিকে মুক্তি দিয়ে গণতন্ত্রের দিকে অগ্রসর হলে দেশটির সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটানোর প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শনিবার ওবামা এ প্রস্তাব দেন।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, রোববার সিঙ্গাপুরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানের নেতাদের সঙ্গে ওবামার বৈঠকের কথা রয়েছে। ওই বৈঠকে মিয়ানমারের জান্তা প্রধান লেফটেন্যান্ট জেনারেল থান শ-ও উপস্থিত থাকবেন। তবে শয়ের সঙ্গে সরাসরি কথা বলার কোনে ইচ্ছে ওবামার নেই।
ওবামা প্রশাসন মিয়ানমারের সঙ্গে সম্পর্কের সম্পৃক্ততা বাড়ানোর পদক্ষেপ নিয়েছে এবং সে লক্ষ্যে এ মাসের শুরুতে দেশটিতে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। গত ১৪ বছরের মধ্যে মিয়ানমারে এটাই যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের প্রতিনিধি।
জাপানের রাজধানী টোকিওতে এশিয়া সফর শুরুতে এক ভাষণে ওবামা জানান, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বা অন্যান্য দেশের সম্পৃক্ততা কোনোকিছুই মিয়ানমারের জনগণের জীবন যাত্রার উন্নয়ন ঘটাতে পারেনি।
ওবামা বলেন, "সুতরাং আমরা দেশটির নেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে জানিয়ে দিয়েছি গণতন্ত্র পুনর্গঠনের জন্য কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে।"
তিনি আরও বলেন, "গণতান্ত্রিক, শন্তিপূর্ণ, সম্ভাবনাময় এবং ঐক্যবদ্ধ বার্মা (মিয়ানমার) কে সমর্থন করি। আর বার্মা যদি ওই নির্দেশনায় চলে তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ভাল সম্পর্ক গড়ে ওঠা সম্ভব।"
যুক্তরাষ্ট্র মিয়ানমারকে এখনও বার্মা বলে থাকে।
ওবামা আরও বলেন, নির্দেশনা অনুযায়ী বার্মাকে যে পদক্ষেপগুলো নিতে হবে তা হল- বিরোধী দলীয় নেত্রী অং সান সুচিসহ সব রাজবন্দিকে মুক্তি দিতে হবে এবং বিরোধী দলের সঙ্গে একটি কার্যকর আলোচনায় বসতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৪৫৯ ঘ.
bdnews24