২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে তীব্র গেরিলা যুদ্ধের সংকল্প তালেবানদের

সেনাবাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধ শুরু করার দাবি করে পাকিস্তানের একজন তালেবান মুখপাত্র মঙ্গলবার বলেছেন, দক্ষিণ ওয়াজিরিস্তানে তারা আরও প্রচণ্ড লড়াইয়ে নামবে। এই লড়াই দীর্ঘস্থায়ী হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2009, 11:41 AM

Updated : 26 Aug 2022, 12:20 PM

পেশাওয়ার, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সেনাবাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধ শুরু করার দাবি করে পাকিস্তানের একজন তালেবান মুখপাত্র মঙ্গলবার বলেছেন, দক্ষিণ ওয়াজিরিস্তানে তারা আরও প্রচণ্ড লড়াইয়ে নামবে। এই লড়াই দীর্ঘস্থায়ী হবে। ১৭ অক্টোবর থেকে দক্ষিণ ওয়াজিরিস্তানে তালেবান বিরোধী অভিযান শুরু করেছে সেনাবাহিনী। যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ এ অভিযান গভীরভাবে লক্ষ্য করছে। তিনদিক থেকে জঙ্গি আস্তানার দিকে অগ্রসর হচ্ছে সেনারা। তারা ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ কয়েকটি ঘাঁটি দখল করেছে এবং মাকিন শহরে তালেবান প্রধান ঘাঁটিতে ঢুকে পড়েছে। সেনাবাহিনী একথা জানিয়েছে। কিন্তু তালেবান মুখপাত্র আজম তারিক সেনা অভিযানে জঙ্গি পক্ষের ক্ষয়ক্ষতি কম বলে দাবি করেন। রয়টার্সকে টেলিফোনে তিনি বলেন, "তারা রাস্তা দখল করছে। অন্যদিকে, আমাদের লোকজন এখনও বন-জঙ্গল এবং পার্বত্য এলাকাগুলোতে তৎপরতা চালিয়ে যাচ্ছে।" তিনি বলেন, আমরা পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধ শুরু করেছি। আমরা তাদের বিরুদ্ধে বেশ কিছু তৎপরতা চালিয়ে অনেক ক্ষতি করেছি। সেনাবাহিনীর হিসাবমতে, লড়াইয়ের শুরু থেকে এ পর্যন্ত ৪৮৬ জঙ্গি এবং ৪৮ সেনা নিহত হয়েছে। তবে নিহতের এ সংখ্যা কোনও নিরপেক্ষ সূত্রে নিশ্চিত হওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এমএইচবি/১৭৩৪ ঘ.