বোগোটা, নভেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগগুলোতে এইচ১এন১ ফ্লুর টিকা সরবরাহ বাড়ছে। ফলে টিকা সংগ্রহের জন্য লম্বা লাইন এবং চাহিদার তুলনায় কম টিকা সরবরাহ নিয়ে হতাশ লোকজনদের হাল না ছাড়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)'র ডাক্তার অ্যান সূচাত বলেছেন, দু'সপ্তাহ আগে যা ছিল তার চেয়ে এখন টিকা সরবরাহ দ্বিগুণ হয়েছে।
অঙ্গরাজ্যগুলো টিকার অর্ডার মেটাতে বা নতুন অর্ডার অনুযায়ী সরবরাহ করার জন্য হাতে আছে ৩ কোটি ৮০ লাখ ডোজ টিকা। অবশ্য সরকার অক্টোবরের শেষ নাগাদ ৪ কোটি ডোজ টিকা সরবরাহের যে হিসাব করেছিল এ সংখ্যা তার চেয়ে কম।
তবে সূচাত এক সাংবাদিক সম্মেলনে বলেন, দ্রুতই অগ্রগতি হচ্ছে। গত শুক্রবার যত সংখ্যক টিকা ছিল তার চেয়ে এখন টিকার সংখ্যা ১ কোটি ১০ লাখের বেশি বেড়েছে। সব কিছু ভালো ভালোয় গেলে আমরা সামনের সপ্তাহে প্রায় ৮০ লাখ ডোজ টিকা সহজলভ্য করতে পারব বলে আশা করছি।
যুক্তরাষ্ট্র সরকার প্রথমে প্রতি সপ্তাহে ২ কোটি টিকা সরবরাহের পরিকল্পনা করেছিল। কিন্তু টিকা তৈরি কোম্পানিগুলো এক সপ্তাহ কিংবা তারও কম সময়ে মাত্র ১ কোটি ডোজ টিকা তৈরি করছে। ফলে টিকা অপ্রতুল হওয়ায় দেশজুড়ে চাপের মুখে পড়েছে সরকারি স্বাস্থ্য বিভাগগুলো। তাদেরকে কম সংখ্যক টিকা দিয়েই সোয়াইন ফ্লুর সবচেয়ে ঝঁকির মুখে থাকা লোকজনদের চাহিদা পূরণ করতে হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫০৫ ঘ.
bdnews24