ওয়াশিয়ংটন, নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সুশাসন এবং দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপের মধ্য দিয়ে আফগানিস্তানে নতুন অধ্যায় রচনা করতে প্রেসিডেন্ট হামিদ কারজাইকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নির্বাচন কমিশন সোমবার কারজাইকে নির্বাচিত প্রেসিডেন্ট ঘোষণা করার পর তাকে ফোনে অভিনন্দন জানানোর সময় ওবামা এ আহ্বান জানান।
হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে ওবামা বলেন, "উন্নত শাসন, দুর্নীতি দমনে আরও আন্তরিক প্রচেষ্টা এবং আফগান নিরাপত্তা বাহিনীর যৌথ প্রশিক্ষণ ত্বরান্বিত করার ভিত্তিতে আফগানিস্তানে আমাদের নতুন অধ্যায় রচনা করাটাই এ মুহূর্তের দাবি। আমি এ বিষয়টির ওপরই জোর দিচ্ছি।"
দুর্নীতি দমনে কারজাইকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান ওবামা। এ দাবিসহ অন্যান্য দাবি পূরণে সচেষ্ট হলে কারজাই ওয়াশিংটনের সমর্থন পাবেন বলে ইঙ্গিত দেন তিনি।
ওবামা আরও বলেন, "কারজাই এ মুহূর্তের গুরুত্ব উপলব্ধি করতে পারছেন বলে আমাকে আশ্বস্ত করেছেন। কিন্তু আমি তাকে যে ইঙ্গিত দিয়েছি তা হল, শুধু কথায় কাজ হবে না। কাজ করে দেখাতে হবে।"
কারজাই ২য় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ওবামা তাকে অভিনন্দন জানান। নির্বাচনকে বিশৃঙ্খল বলে মন্তব্য করলেও ওবামা বলেন, নির্বাচনের ফল আফগান আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়েছে।
কারজাইয়ের একমাত্র প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আবদুল্লাহ ২য় দফা ভোট থেকে সরে দাঁড়ানোয় নির্বাচন কমিশন এ নির্বাচন বাতিল করে কারজাইকে প্রেসিডেন্ট ঘোষণা করেছে।
নির্বাচন কমিশনের প্রধান আজিজুল্লাহ লুদিন এক সংবাদ সম্মেলনে বলেন, "স্বাধীন নির্বাচন কমিশন হামিদ কারজাইকে প্রেসিডেন্ট ঘোষণা করছে...কারণ তিনি প্রথম দফা নির্বাচনে বিজয়ী এবং দ্বিতীয় নির্বাচনের একমাত্র প্রার্থী।"
প্রথম দফা নির্বাচনে ব্যাপক জালিয়াতির প্রমাণ মেলায় দ্বিতীয় দফা নির্বাচন ডাকা হয়েছিল।
কাবুলে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লুদিন বলেন, আফগান জনগণকে আরেকটি নির্বাচনের বিশাল ব্যয় ও ঝুঁকি থেকে রক্ষা করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর একজন মাত্র প্রার্থী নিয়ে নির্বাচন হলে প্রেসিডেন্ট হওয়া নিয়ে বৈধতার প্রশ্ন উঠতে পারে।
সরকার ও নির্বাচনী কর্মকর্তারা সুষ্ঠু ভোট অনুষ্ঠানের দাবি পূরণ করেনি অভিযোগ করে আবদুল্লাহ রোববার দ্বিতীয় দফা ভোটে না দাঁড়ানোর সিদ্ধান্ত জানান। কাবুলে সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, "আমি নির্বাচনে অংশ নেব না....... খুব সহজে আমি এ সিদ্ধান্ত নেইনি।"
"জাতির স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছি" জানিয়ে আবদুল্লাহ বলেন, ৭ নভেম্বরের নির্বাচন বয়কট করার আহ্বান তিনি জানাচ্ছেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১১১৮ ঘ.
bdnews24