লন্ডন, লস এঞ্জেলেস অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- পপ সম্রাট মাইকেল জ্যাকসনের লন্ডন কনসার্ট নিয়ে নির্মিত ছবি 'দিস ইজ ইট' বিশ্বব্যাপী প্রিমিয়ার শো'র প্রথম দিনেই বিপুল সাড়া জাগিয়েছে। মঙ্গলবার রাতে লস এঞ্জেলেসের পর উত্তর আমেরিকার শো'তেই ছবিটি থেকে ২২ লাখ ডলার আয় হয়েছে। আর বুধবার সকালে মাটিনি শো'তে এ অঙ্ক ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে ছবি নির্মাতা স্টুডিও কলাম্বিয়া পিকচারস।
বিবিসি জানায়, জ্যাকসন মারা যাওয়ার আগে লন্ডন কনসার্টের জন্য তার ১০০ ঘন্টার মহড়ার ফুটেজ নিয়ে তৈরি করা হয়েছে এই 'দিস ইজ ইট' ডকুমেন্টারী ফিল্ম। লস এঞ্জেলেসে ছবিটির শো দেখতে ভিড় করে জ্যাকসনের ভক্তরা। এই শো কে সর্বকালের সেরা শো বলে মন্তব্য করেন লস এঞ্জেলেসে জ্যাকসনের এক ভক্ত ফান ডেরিয়ান ওয়াড।
ওদিকে, লন্ডনে ছবিটির প্রিমিয়ার শো'তে কাসিয়ান ডালের উক্তি, "জ্যাকসনের নামে অর্থ কামানোর এটি তাদের সহজ পথ।" লন্ডন শোতে আরেক ভক্ত মুস্তফা দুগাস বলেন, "এটি চমৎকার শ্রদ্ধঞ্জলি বলেই আমি মনে করি। তবে এর পেছনে আসল উদ্দেশ্য হচ্ছে অর্থ।"
১৮ টি নগরীতে একযোগে ছবিটির প্রিমিয়ার শো হয়েছে। লস এঞ্জেলেসে'র শোতে অংশ নেন জ্যাকসনের ভাইয়েরা।
দু ঘন্টার এ ছবিতে জ্যাকসনকে শো তৈরির জন্য গায়ক ও নৃত্যপরিচালকদের সঙ্গে কাজ করতে দেখা যাওয়া ছাড়াও হিট গানগুলোর সঙ্গে নাচতে দেখা গেছে।
নিউ ইয়র্কে শো চলাকালে জ্যাকসন ভক্ত ডেভিড মোন্টালভোর উক্তি, "তাকে আবারও নাচতে দেখে ভালো লাগছে। যেন মাইকেলকে আবারও শেষ বারের মতো দেখতে পারা গেল। তাকে শেষ বিদায় জানানোর এটি ভাল সুযোগ।"
দিস ইজ ইট কনসার্ট শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে ২৫ জুন জ্যাকসন হঠাৎ হৃদরোগাক্রান্ত হয়ে ৫০ বছর বয়সে মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৫৮ ঘ.
bdnews24