২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনে ২৪ জানুয়ারি নির্বাচনের ডাক দিয়েছেন আব্বাস

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আগামী ২৪ জানুয়ারি ফিলিস্তিনে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। তবে শুক্রবার দেওয়া তার এই ঘোষণা বিরোধী পক্ষ হামাস শোনামাত্রই প্রত্যাখ্যান করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2009, 10:01 AM

Updated : 26 Aug 2022, 12:15 PM

রামাল্লা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আগামী ২৪ জানুয়ারি ফিলিস্তিনে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। তবে শুক্রবার দেওয়া তার এই ঘোষণা বিরোধী পক্ষ হামাস শোনামাত্রই প্রত্যাখ্যান করেছে। গাজা নিয়ন্ত্রণকারী হামাস বলেছে, তারা গাজায় আলাদা নির্বাচন করতে পারে। এ পদক্ষেপ নেওয়া হলে ফিলিস্তিনের দুই বিচ্ছিন্ন ভূখণ্ড পশ্চিম তীর ও গাজায় দুই পেসিডেন্ট, আলাদা পার্লামেন্ট ও দুই পক্ষের দুই প্রধানমন্ত্রীর সৃষ্টি হতে পারে। রামাল্লায় আব্বাসের সহযোগী ও তার ফাতাহ দলের প্রভাবাশালী এক নেতা বলেছেন, মিশরের মধ্যস্থতা সত্ত্বেও গত এক বছরেও হামাস ও ফাতাহ একটি ঐক্যবদ্ধ চুক্তিতে পৌঁছাতে না পারায় আব্বাস এই নির্বাচনের ডাক দিয়েছেন। আব্বাসের কোনো সুস্পষ্ট উত্তরসূরি ঠিক না হওয়ায় তিনিই নির্বাচনে দলের নেতৃত্ব দেবেন এবং প্রেসিডেন্ট পদে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। হামাসের ঊর্ধ্বতন নেতা মুশির আল মাশরি নির্বাচন নিয়ে আব্বাসে এই ডিক্রি জারিকে দু'পক্ষের সংহতি স্থাপনের ওপর "মারাত্মক আঘাত" অভিহিত করেছেন। গাজায় ফিলিস্তিনিদের সংখ্যা প্রায় ১৫ লাখ। অন্যদিকে পশ্চিম তীরে বাস করে ২৫ লাখ। হামাসের পক্ষে গাজায় নির্বাচন প্রতিহত করা সম্ভব। আর গাজার পূর্ণঅংশগ্রহণ ছাড়া নির্বাচন হলে ফিলিস্তিনির দুই অংশে কার্যত দুই বৈরী শক্তি ক্ষমতা চর্চা শুরু করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৫৪৩ ঘ.