বিশ্ব
দক্ষিণ এশিয়া
নয়াদিল্লি, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উন্নয়নশীল দেশগুলোকে ২০২০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন ১৫ শতাংশ হ্রাসের লক্ষ্যমাত্রা নেওয়ার পরামর্শ দিয়েছেন জাতিসংঘের শীর্ষ জলবায়ু কর্মকর্তা ইভো ডি বোয়ের। ডিসেম্বরে অনুষ্ঠেয় কোপেনহেগেন সম্মেলনে জলবায়ু পরিবর্তন রোধে নতুন চুক্তি নিশ্চিত করতে তিনি এ পরামর্শ দেন।
জলবায়ু পরিবর্তন রোধের আলোচনায় তাগাদার অভাবে বহু দেশই উদ্বেগ প্রকাশ করেছে। তাই ১৯০ টি দেশের কোপেনহেগেন জলবায়ু সম্মেলনের আগেই উন্নয়নশীল দেশগুলোকে ওই লক্ষ্যমাত্রা নেওয়ার পরমর্শ দিলেন বোয়ের। সম্মেলনে কিয়োটো প্রটোকল পরবর্তী একটি নতুন জলবায়ু চুক্তি হওয়ার কথা রয়েছে।
নয়াদিল্লিতে বোয়ের বলেন নতুন ওই চুক্তি নিশ্চিত করতে দরিদ্র দেশগুলোর কার্বন নির্গমন ২০২০ সালের মধ্যে ১৫ শতাংশ কমাতে পারে।
বোয়ের বলেন, "ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর বোঝা ভাগাভাগি করে নেওয়া নিয়ে বিরোধই জলবায়ু পরিবর্তন রোধ চুক্তির পথে সবচেয়ে বড় বাধা। উভয়পক্ষের মধ্যে অনাস্থা ও সন্দেহ দূর করতে 'ভারসাম্যপূর্ণ সমঝোতা' প্রয়োজন।
২০০৭ সালের জাতিসংঘ জলবায়ু প্যানেল বলেছে, ২০২০ সালের মধ্যে দেশগুলোকে গ্রিনহাউস গ্যাস নির্গমন ২৫ থেকে ৪০ শতাংশ হ্রাস করতে হবে। যাতে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি ২ সেলসিয়াসে (৩ দশমিক ৬ ফারেনহাইট) সীমিত থাকে এবং দাবদাহ, বন্যা ও সমুদ্রস্তরের উচ্চতা বৃদ্ধি এড়ানো যায়। তবে উন্নয়নশীল দেশগুলোর জন্য কার্বন নির্গমন হ্রাসের এমন কোনও মাত্রা বেঁধে দেওয়ার কথা প্যানেলে নেই।
বোয়ের বলেন, শিল্পোন্নত দেশগুলো ২০২০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন ২৫ থেকে ৪০ শতাংশ হ্রাস করলে উন্নয়নশীল দেশগুলোরও উচিত ২০২০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন ১৫ শতাংশ হ্রাস করা।
ইউরোপীয় ইউনিয়ন চায় উন্নয়নশীল দেশগুলো ২০২০ সালের মধ্যে কার্বন নির্গমন ১৫ থেকে ৩০ শতাংশ হ্রাস করুক। কিন্তু ধনী দেশগুলোর কার্বন নির্গমন এ পর্যন্ত ২৫ শতাংশের নীচে রয়েছে বলে উন্নয়নশীল দেশগুলো অভিযোগ করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৫২ ঘ.
bdnews24