লন্ডন, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জানাজানি হলে লজ্জা পাবে অথবা তাদের কেউ দেখছে- এই কারণেই বেশিরভাগ লোক শৌচাগার ব্যবহার করার পর হাত ধোয়। বৃহস্পতিবার একদল বিজ্ঞানী একথা জানিয়েছেন।
বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে মার্কিন জার্নাল 'পাবলিক হেলথ' এ গবেষণাটি প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে, নারীদের ৬৪ শতাংশ এবং পুরুষদের ৩২ শতাংশ শৌচাগার ব্যবহারের পর সাবান ব্যবহার করে।
ব্রিটেনের 'লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন' এর এক গবেষণায় দেখা গেছে, রোগ প্রতিরোধের সবচেয়ে সস্তা পদ্ধতি হাত ধোয়া। এ সত্ত্বেও পুরুষদের এক-তৃতীয়াংশ এবং নারীদের দুই তৃতীয়াংশই কেবল শৌচাগার ব্যবহার করার পর সাবান দিয়ে হাত পরিষ্কার করে।
গবেষণায় দেখা গেছে, শৌচাগারে যদি 'আপনার পাশের ব্যক্তিটি কি সাবান দিয়ে হাত ধুচ্ছে' এরকম একটি একটি ইলেকট্রনিক বার্তা বার-বার ভেসে ওঠে তবে, পুরুষদের আরও প্রায় ১২ শতাংশ এবং ১১ শতাংশ বেশি নারী সাবান ব্যবহার করে।
গবেষকরা লিখেছেন, "রোগ নিয়ন্ত্রণে বিশ্বজুড়ে সবচেয়ে সস্তা উপায় হচ্ছে সাবান দিয়ে হাত ধোয়া।"
তারা আরও বলেছেন, "সাবান দিয়ে হাত ধুলে ডায়রিয়ার কবল থেকে বছরে ১০ লাখেরও বেশি জীবন বাঁচানো এবং শ্বাসযন্ত্রের সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব। উন্নয়নশীল দেশগুলোতে শিশু মৃত্যুর প্রধান কারণ এ দুটি রোগ।"
গবেষণায় বলা হয়েছে, উন্নত দেশের মানুষ সাবান দিয়ে হাত ধুলে ফ্লু'র মতো ভাইরাস সংক্রমণ এবং নরোভাইরাস এবং রটোভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে পারে।
গবেষণাটি ব্রিটেনের মটরওয়ে সার্ভিস স্টেশনগুলোর শৌচাগার ব্যবহারকারীদের ওপর করা হয়েছে। ৩২ দিনব্যাপী এই গবেষণা চলাকালে প্রায় আড়াই লাখ লোক শৌচাগারগুলো ব্যবহার করেছে এবং তারা সাবান ব্যবহার করছে কিনা তা সেন্সরের মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৬৫১ ঘ.
bdnews24