২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে সামরিকযানে হামলা, নিহত ৩২

পাকিস্তানের সোয়াত উপত্যকার কাছে সোমবার সামরিক গাড়িবহর লক্ষ্য করে একজন সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারীর হামলায় ৩২ জন নিহত হয়েছে। নিহতদের চারজন সেনাসদস্য এবং বাকিরা বেসামরিক লোক। আহত হয়েছে ৫৩ জন। পুলিশ ও সেনা কর্মকর্তারা এতথ্য জানিয়েছেন। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2009, 10:56 AM

Updated : 26 Aug 2022, 12:11 PM

ইসলামাবাদ, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের সোয়াত উপত্যকার কাছে সোমবার সামরিক গাড়িবহর লক্ষ্য করে একজন সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারীর হামলায় ৩২ জন নিহত হয়েছে। নিহতদের চারজন সেনাসদস্য এবং বাকিরা বেসামরিক লোক। আহত হয়েছে ৫৩ জন। পুলিশ ও সেনা কর্মকর্তারা এতথ্য জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, সোয়াত উপত্যকার কাছে প্রত্যন্ত সাংলা জেলায় সামিরক গাড়িবহর লক্ষ্য করে ওই হামলার হয়। সাংলার শীর্ষ পুলিশ কর্মকর্তা খান বাহাদুর খান টেলিফোনে রয়টার্সকে বলেছেন, "মনে হচ্ছে এটা আত্মঘাতী হামলাকারীর কাজ। জেলার ব্যস্ততম একটি বাজারের পাশদিয়ে তিনটি সামরিক যান যাওয়ার সময় হামলাকারী একটির ওপর আঘাত হানে।" তিনি জানান, নিহতদের ২৮ জনই বেসামরিক লোক। সেনাসদস্য চারজন। আরও ৫ সেনা এবং ৪৮ বেসামরিক লোক আহত হয়েছে। তালেবানরা রাওয়ালপিণ্ডিতে সেনা সদরদপ্তরে গত শনিবারের হামলার দায়িত্ব স্বীকার করার এবং দক্ষিণ ওয়াজিরিস্তানে আফগান সীমান্তের কাছে জঙ্গি ঘাঁটিগুলোতে সামরিক অভিযান শুরুর পর্যায়ে এ হামলা হল। শনিবারের জঙ্গি হামলার পর পাকিস্তান জঙ্গি ঘাঁটিগুলোতে অভিযানের ঘোষণা দেয়। রোববার কমান্ডোরা সেনা সদরদপ্তরে অভিযান চালিয়ে ৩৯ জিম্মিকে মুক্ত করার কয়েক ঘন্টা পরই দক্ষিণ ওয়াজিরিস্তানের জঙ্গি আস্তানাগুলোতে বিমান হামলা হয়েছে। এতে 'মাকিন' ও 'লাদহা' নামক দুটি জঙ্গি আস্তানা ধ্বংস হয়েছে। নিহত হয়েছে ১৬ জঙ্গি। ওই এলাকার এক গোয়েন্দা কর্মকর্তা একথা জানিয়েছেন। এবার ওই অঞ্চলে জঙ্গি নির্মূলে অচিরেই স্থল অভিযান শুরু হচ্ছে জানিয়ে সিঙ্গাপুরে রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক বলেন, "অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। অভিযান আসন্ন।" তিনি আরও বলেন, "তাদের কোনও দয়া করা হবে না। কারণ, আমরা তাদের নির্মূল করতে বদ্ধপরিকর। পাকিস্তানে তাদের কোনও স্থান নেই। আমি এই প্রতিজ্ঞা করছি।" রাওয়ালপিন্ডির সেনা সদরদপ্তরে হামলার পেছনে তালেবান ও আল কায়েদা জঙ্গিরা জড়িত বলে মালিক সন্দেহ প্রকাশ করেছেন। দক্ষিণ ওয়াজিরিস্তানে এই জঙ্গিদের ঘাঁটি। রাওয়ালপিণ্ডিতে হামলার আগে ইসলামাবাদ ও পেশাওয়ারে জঙ্গি হামলায় অন্ততপক্ষে ৫০ জন নিহত হয়। সিঙ্গাপুরের ইন্টারপোল কনফারেন্সে যোগ দিতে যাওয়া মালিক বলেন, "যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম উসমান। সে টিটিপি (তেহরিক-ই-তালেবান পাকিস্তান) এর সদস্য। কিন্তু সে আল কায়দারও সদস্য এরকম কিছু ইঙ্গিত আমরা পেয়েছি।" এর আগে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, তার ধারণা উসমান লস্কর-ই জং দলের সদস্য। আরেকজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, হামলায় জড়িত কয়েকজন পাঞ্জাব ভাষায় কথা বলছিল। তবে মালিক বলছেন, পাঞ্জাব-ভিত্তিক দল হামলায় জড়িত কিনা তা আগেভাগেই বলা যাচ্ছে না। মালিক আরও বলেন, দক্ষিণ ওয়াজিরিস্তানে জঙ্গি বিরোধী অভিযান চালানোটা এখন আর পছন্দ অপছন্দের ব্যাপার নয়, প্রতিশ্র"তি পূরণেরও ব্যাপার নয়, এটি এখন বাধ্যতামূলক হয়ে পড়েছে। স্থানীয় আদিবাসীরাও এখন সেখানে সেনা অভিযান চাইছে বলে মালিক উল্লেখ করেন। পাকিস্তানের সেনারা দক্ষিণ ওয়াজিরিস্তানে কয়েকমাস ধরে বিমান ও গোলা হামলা চালিয়ে আসলেও পুরোদস্তুর স্থল অভিযান এখনও শুরু করেনি। মালিক বলেন, সেনা প্রধানকে ইতোমধ্যেই অভিযান শুরুর ম্যান্ডেট দিয়ে দেওয়া হয়েছে। এখন আর বেশি দেরী নেই। যত দ্রুত সম্ভব অভিযান শুরু করা হবে। তিনি বলেন, ওই এলাকায় বেশ কিছু সন্ত্রাসী আছে বলে আমাদের কাছে তথ্য আছে। আমাদেরকে প্রথমে ঠিক করতে হবে ওই জায়গাটা ঠিক কোন জায়গা। বেসামরিক লোকজনের কারণে সঠিক জায়গা চিহ্নিত না করে আমরা অভিযান চালাতে পারি না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬৫৫ঘ.