অসলো, অক্টোবর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শান্তিতে ২০০৯ সালের নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। শান্তির লক্ষ্যে তৎপরতা এবং পরমাণু অস্ত্রের মজুদ হ্রাসের আহ্বানের মাধ্যমে বিশ্বকে "একটি ভালো ভবিষ্যতের আশা" দেওয়ায় শুক্রবার তাকে এ সম্মান জানানো হয়েছে।
"আন্তর্জাতিক কূটনীতি ও মানুষে-মানুষে সহযোগিতা জোরদার করতে ওবামার অসাধারণ উদ্যোগের" প্রশংসা করেছে নরওয়ের নোবেল কমিটি।
আমেরিকার শীর্ষ পদে প্রথম আফ্রো-আমেরিকান ওবামা গত জানুয়ারিতে ক্ষমতায় এসে নিরস্ত্রীকরণের আহ্বান জানান এবং থেমে থাকা মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা পুনরায় শুরু করার জন্য কাজ শুরু করেছেন।
"খুব কম মানুষই ওমাবার মতো বিশ্বের মনোযোগ কাড়তে পেরেছেন এবং মানুষকে দিতে পেরেছেন উন্নত ভবিষ্যতের আশা"- প্রশংসাপত্রে বলেছে নোবেল কমিটি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ওবামার ৯ মাস পার না হতেই তাকে শান্তির জন্য নোবেল দিল কমিটি। ওবামা অনেক উচ্চাভিলাষী আন্তর্জাতিক কর্মসূচি হাতে নিয়েছেন, তবে মধ্যপ্রাচ্য সমস্যা কিংবা ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে এখনো বড়ধরনের সাফল্যের মুখ দেখেননি। পাশাপাশি আফগান যুদ্ধ পরিচালনা নিয়েও কঠিন সিদ্ধান্তের মুখে রয়েছেন তিনি।
গত মাসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক ঐতিহাসিক বৈঠকে ওবামা সভাপতিত্ব করেন। পরিষদের সদস্যরা সর্বসম্মতভাবে পরমাণু শক্তিধর দেশগুলোর প্রতি তাদের পরমাণু অস্ত্র ধ্বংস করতে জাতিসংঘপ্রণীত প্রস্তাব অনুমোদন করে।
ওবামা এই দশকে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলের তৃতীয় সিনিয়র সদস্য যিনি শান্তিতে নোবেল পেলেন। সাবেক ভাইস প্রেসিডেন্ট এল গোর ২০০৭ সালে জাতিসংঘের জলবায়ুসংক্রান্ত প্যানেলের সঙ্গে যৌথভাবে এবং সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার ২০০২ সালে এ পুরস্কার পান।
আগামী ১০ ডিসেম্বর অসলোতে ওবামার হাতে পুরস্কারের অর্থ- ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনার (১৪ লাখ মার্কিন ডলার) তুলে দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭২৮ ঘ.
bdnews24