স্টকহোম, অক্টোবর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জীবনের বার্তাবাহক রাইবোজমের পরমাণুভিত্তিক মানচিত্র তৈরি করে রহস্য উদঘাটনকারী তিন বিজ্ঞানী বুধবার রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন। নতুন অ্যান্টিবায়োটিক তৈরিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তাদের এই আবিষ্কার।
জীবের প্রতিটি কোষে ডিএনএ যৌগ হচ্ছে জীবনচিত্র বা নকশা, আর রাইবোজম সে চিত্রের প্রতিফলন ঘটায় জীবনপ্রবাহে।
বিজ্ঞানীত্রয়ী হলেন, আমেরিকার ভেঙ্কটরমন রামকৃষ্ণ ও টমাস স্টেইজ এবং ইসরায়েলের আদা ইয়োনাথ।
পুরস্কারের ১০ মিলিয়ন সুইডিশ ক্রাউন (১ দশমিক ৪ মিলিয়ন ডলার) তারা ভাগাভাগি করে নেবেন।
প্রোটিন তৈরিকারক রাইবোজম কীভাবে পরমাণুস্তরে কাজ করে তাও দেখিয়েছেন এই বিজ্ঞানীরা।
'রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স' এর রসায়নের জন্য নোবেল প্রদানকারী কমিটি এক বিবৃতিতে বলেছে, "রাইবোজম যেহেতু জীবনের জন্য মহাগুরুত্বপূর্ণ, তাই নতুন অ্যান্টোবায়োটিক তৈরির ক্ষেত্রেও তা অন্যতম বিবেচ্য বিষয়।"
রাইবোজম গঠিত হয় লাখ লাখ পরমাণুর সমবায়ে; এই তিন বিজ্ঞানী এক্স-রে ক্রিস্টালোগ্রাফি নামের এক পদ্ধতিতে সেই পরমাণুর প্রতিটির অবস্থান শনাক্ত করে তৈরি করেছেন মানচিত্র।
একাডেমি বলেছে, বর্তমানে ব্যবহৃত অনেক অ্যান্টিবায়োটিকই ব্যাক্টেরিয়াল রাইবোজমকে বাধা দিয়ে নানা রোগ থেকে রক্ষা করে মানুষকে।
২০০৯ সালের এটি তৃতীয় বিষয়ে নোবেল পুরস্কার ঘোষণা। রীতি অনুযায়ী সোমবার প্রথম চিকিৎসাবিজ্ঞানে এবং পরদিন পদার্থ বিজ্ঞানের পুরস্কার দেওয়া হয়।
ডিনামাইট আবিষ্কারক ও ব্যবসায়ী আলফ্রেড নোবেলের দান করা অর্থে ১৯০১ সাল থেকে বিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৮৫২ ঘ.
bdnews24