২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে আইএমএফ'র বিরুদ্ধে দ্বিতীয় দিনও বিক্ষোভ, সংঘর্ষ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বিরুদ্ধে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তুরস্কের পুলিশ বুধবার দ্বিতীয় দিনের মতো কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে। রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2009, 10:32 AM

Updated : 26 Aug 2022, 12:09 PM

ইস্তাম্বুল, অক্টোবর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বিরুদ্ধে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তুরস্কের পুলিশ বুধবার দ্বিতীয় দিনের মতো কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে। রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী একথা জানিয়েছেন। ইস্তাম্বুলে আইএমএফ-বিশ্বব্যাংকের অর্ধ-বার্ষিক বৈঠকস্থল থেকে মাত্র কয়েক'শ মিটার দূরে ছাত্র, তুর্কি ইউনিয়নগুলো ও বামপন্থি দলের কয়েক'শ সদস্য দাঙ্গা-পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। বিক্ষোভ ছত্রভঙ্গ হয়ে যাওয়ার আগে বেশ কিছু তরুণ পুলিশের প্রতি ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ কয়েকজনকে আটক করেছে। আইএমএফ-বিশ্বব্যাংকের বৈঠক বুধবারই শেষ হয়েছে। আগের দিন মঙ্গলবার বিক্ষোভকারীরা পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং সম্মেলনস্থলের কাছে একটি একটি ব্যাংকে ভাঙচুর চালায়। সে সময় কনভেনশন সেন্টারে বিভিন্ন দেশের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের প্রধানরা, অর্থনীতিবিদ ও নির্বাহীরা মিলে বিশ্ব অর্থনীতি নিয়ে আলোচনা করছিলেন। মঙ্গলবারের বিক্ষোভকালে বেশ কয়েকজন পুলিশ আহত হয়। আইএমএফ ২০০১ সালে তুরস্ককে গভীর অর্থনৈতিক সংকট থেকে উঠে আসতে সহায়তা করলেও তুর্কি ছাত্রদের মধ্যে সংস্থাটি নিয়ে বেশ বিরূপ মনোভাব বিদ্যমান। তুরস্ক ও আইএমফ সম্ভাব্য নতুন ঋণচুক্তি নিয়ে বর্তমানে আলোচনা চালিয়ে যাচ্ছে। আগের ঋণচুক্তিটির মেয়াদ গতবছর শেষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/