২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের তালেবান প্রধান বেঁচে আছেন

পাকিস্তানের তালেবানদের প্রধান হাকিমুল্লাহ মেহসুদ হয়তো বেঁচে নেই বলে জানিয়েছিল যুক্তরাষ্ট্র ও পাকিস্তানি কমকর্তারা, কিন্তু তাদের ধারণাকে ভুল প্রমাণ করে তিনি রোববার সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2009, 02:24 PM

Updated : 26 Aug 2022, 12:09 PM

ইসলামাবাদ, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের তালেবানদের প্রধান হাকিমুল্লাহ মেহসুদ হয়তো বেঁচে নেই বলে জানিয়েছিল যুক্তরাষ্ট্র ও পাকিস্তানি কমকর্তারা, কিন্তু তাদের ধারণাকে ভুল প্রমাণ করে তিনি রোববার সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তালেবানদের শক্তিশালী এলাকা দক্ষিণ ওয়াজিরিস্তানে হাকিমুল্লাহর সাক্ষাৎকারের ছবি সোমবার পাকিস্তানের ডন টেলিভিশনে দেখানো হয়েছে। তাকে ছবিতে স্বাস্থ্যবান দেখাচ্ছিল। সিআইএ পরিচালিত ড্রোন বিমান থেকে ৫ আগস্ট ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের আগের তালেবান প্রধান বায়তুল্লাহ মেহসুদ নিহত হওয়ার পর তার উত্তরসূরি হিসেবে হাকিমুল্লাহর নাম ঘোষণা করেছিল জঙ্গিরা। হাকিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎকারীদের একজন, শৈলাব মেহসুদ বলেছেন, হাকিমুল্লাহ সাক্ষাৎকারে বলেছেন, তারা বায়তুল্লার হত্যার বদলা নেবে। শুক্রবার মার্কিন কর্মকর্তারা বলেছিলেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর বিশ্বাস, হাকিমুল্লাহ সম্ভবত কয়েক সপ্তাহ আগে উপদলীয় বন্দুক যুদ্ধে নিহত হয়েছেন। প্রতিরক্ষা দপ্তরের একজন কর্মকর্তা বলেন, "সে যে মৃত সে ব্যাপারে আমরা প্রায় নিশ্চিত।" 'তালেবান মুভমেন্ট অব পাকিস্তান' নামে ১৩টি জঙ্গি গোষ্ঠীর একটি জোটের নেতৃত্ব দিতেন বায়তুল্লাহ মেহসুদ। পাকিস্তানে অনেকগুলো বোমা হামলা ও সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে হত্যার জন্য তাকে দায়ী করা হয়ে থাকে। হাকিমুল্লাহকে তার চেয়েও আগ্রাসী হিসেবে মনে করা হয়। ওয়াশিংটনের বিশ্বাস, মেহসুদের মৃত্যুর পর নেতৃত্বের দাবি নিয়ে গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষে পাকিস্তানের তালেবানরা দুর্বল হয়ে পড়ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২০২১ ঘ.