ম্যানিলা, অক্টোবর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফিলিপাইনের উত্তরপূর্বে শক্তিশালী টাইফুন পারমার আঘাতে ১৭ জন নিহত হয়েছে। প্রধান লুজোন দ্বীপের উত্তরে পারমার আঘাতে ক্ষয়ক্ষতি এবং বন্যা দেখা দিয়েছে। তবে ঝড়ে যতোটা ক্ষযক্ষতির আশঙ্কা করা হচ্ছিল ততটা ব্যাপক ক্ষতি হয়নি।
ভয়ঙ্কর ঝড়টি শুক্রবার ফিলিপাইনের উত্তরপূর্বাঞ্চলীয় দ্বীপ কেতানদুয়ানেস থেকে ১৮০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।
২০০৬ সালের পর ফিলিপাইনে এটিই সবচেয়ে শক্তিশালী টাইফুন। রোববার এটি ধীরে ধীরে উত্তরপশ্চিমে সরে গেছে। আবহাওয়া ব্যুরো একথা জানিয়েছে। ১২০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়ো হাওয়ার গতি কমে এসেছে।
এটি এখন তাইওয়ানে অগ্রসর হচ্ছে। পারমা তাইওয়ানে আঘাত হানতে পারে কিংবা পশ্চিমে সরে যেতে পারে বলে জানিয়েছে তাইওয়ান কর্তৃপক্ষ।
উত্তরাঞ্চলীয়কাগায়ান প্রদেশের গভর্নর আলভারো এন্টোনিও বলেছেন, আমাদের অবকাঠামো এবং কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে। ফসলি জমিসহ বিস্তীর্ণ এলাকা এখনও পানির নিচে।
বেঙ্গুয়েত প্রদেশে বষ্টিপাতের কারণে সৃষ্ট ভুমিধসে অন্ততপক্ষে ১২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্যান্য কয়েকটি জায়গায় নিহত হয়েছে আরও ৫ জন। আশেপাশের কাগায়ান ও ইসাবেলা প্রদেশে গাছপালা উপড়ে গেছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় কয়েক দিন ধরে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ ঘটে চলেছে। এর মধ্যে কেৎসেনা নামের একটি টাইফুন ফিলিপাইন, ভিয়েতনাম ও ক্যাম্বোডিয়ায় ৪০০ মানুষের জীবন কেড়ে নিয়েছে।
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ১১ শ' ছাড়িয়েছে। আমেরিকান ও পশ্চিম সামোয়াতে সুনামির আঘাতে প্রাণ হারিয়েছে প্রায় দেড়শ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৪৯ ঘ.
bdnews24