ম্যানিলা, অক্টোবর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভিয়েতনামে মঙ্গলবারের শক্তিশালী টাইফুন কেটসানায় নিহতের সংখ্যা বেড়ে ১০১ হয়েছে। নিখোঁজ রয়েছে ১৮ জন। বৃহস্পতিবার ভিয়েতনাম ও আশেপাশের দেশগুলোতে নতুন করে বন্যা ও ভমিধসের আশঙ্কা করা হচ্ছে।
টাইফুন কেটসানায় ভিয়েতনামে ক্ষতিগ্রস্ত ১২ টি প্রদেশের প্রাথমিকভাবে ৫ টি প্রদেশে ১২০ মিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতির হিসাব দিয়েছে সরকার। সরকারি হিসাবে নিহতের সংখ্যা ১০১ উল্লেখ করা হয়েছে এবং ১৮ জন নিখোঁজ রয়েছে বলে জানানো হয়েছে।
এর আগে ফিলিপাইনে তাণ্ডব ঘটায় টাইফুন কেটসানা। ফিলিপাইনে নিহতের সংখ্যা বৃহস্পতিবার বেড়ে দাঁড়িয়েছে ২৭৭ জনে।
ভিয়েতনাম, ফিলিপাইন ও ক্যাম্বোডিয়া মিলিয়ে টাইফুনে নিহতের সংখ্যা প্রায় ৪০০। গত সপ্তাহান্তে টাইফুনের প্রথম আঘাতে ক্যাম্বোডিয়ায় ১১ জন নিহত হয়। এরপর তা আঘাত হানে ফিলিপাইন এবং ভিয়েতনামে।
ভিয়েতনামের ৮ টি উপকূলীয় ও কেন্দ্রীয় প্রদেশে নদীর পানি কমতে শুরু করলেও জাতীয় আবহাওয়া ব্যুরো বৃহস্পতিবার পার্বত্য ও নিুাঞ্চলগুলোতে নতুন করে বন্যা ও ভূমিধসের পূর্বাভাস দিয়েছে।
কেটসানার চেয়েও শক্তিশালী আরেকটি ঝড় বৃহস্পতিবার ফিলিপাইনে ধেয়ে যাচ্ছে। নতুন এই টাইফুন 'পারমা'র বাতাসের গতিবেগ ঘন্টায় ১৫০ বিলোমিটার। শনিবার এই ঝড় ফিলিপাইনে আঘাত হানতে পারে।
সামরিক উদ্ধারকর্মীরা টাইফুন দুর্গতদের উদ্ধার ও ত্রাণকাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী।
ভিয়েতনামে কেটসানার তান্ডবে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ও টেলি সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়াসহ বহু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। বন্ধ হয়ে গেছে ভিয়েতনাম জাতীয় এয়ারলাইনের সব ফ্লাইট এবং স্কুলগুলোও। ভিটিভি একথা জানিয়েছে।
এর আগে কেটসানার প্রভাবে ফিলিপাইনে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় রাজধানী ম্যানিলার ৮০ শতাংশ অঞ্চল প্লাবিত হয়ে ১৫ মিলিয়ন লোক পানিবন্দি হয়।
কর্তৃপক্ষ জানায়, বন্যায় ক্ষয়ক্ষতির পরমিাণ প্রায় ৫০ মিলিয়ন ডলার। এছাড়া, বন্যায় প্রায় ১৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পৌনে চারলাখ লোক নিজ বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে গিয়ে উঠেছে।
ভিয়েতনামের কুয়াং নাই প্রদেশের পিপলস কমিটির ডেপুটি চেয়ারম্যান ট্রং নক নি রাষ্ট্র পরিচালিত টিভিতে এই টাইফুনকে ভিয়েতনামে তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঝড় বলে মন্তব্য করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩৪৯ ঘ.
bdnews24