ইয়াঙ্গুন, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারে জান্তা সরকার এবং গৃহবন্দি বিরোধী নেত্রী অং সান সু চির মধ্যেকার সংলাপ সচল করার উদ্দেশ্যে জাতিংঘের বিশেষ দূত ইব্রাহিম শনিবার মিয়ানমার পৌঁছেছেন। তবে তার আগের ছয়বারের সফরে কোনো সাফল্য না আসায় এবারও রাজনৈতিক সংস্কার আলোচনায় অগ্রগতির আশা খুবই ক্ষীণ।
চারদিনের এই সফরে গাম্বারি মিয়ানমারে কার কার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন সেটা স্পষ্ট নয়। গত বছরের জুলাইতে সর্বশেষ সফরের সময় গাম্বারির সঙ্গে সাক্ষাৎ করতে সম্মত হননি সু চি।
বিশ্লেষকরা বলছেন, জান্তা সরকারের সংস্কার পরিকল্পনার অংশ হিসেবে ২০১০ সালের নির্বাচন পরিকল্পনায় জাতিসংঘের মৌন সম্মতিকে ভালভাবে নিতে পারেনি সু চির দল। এ কারণেই তিনি গাম্বারির সঙ্গে সাক্ষাৎ করতে চাননি।
এছাড়া জান্তা প্রধান জেনারেল থান শ'র সঙ্গেও গাম্বারি আগের সফরগুলোতে সেভাবে সাক্ষাৎ করার সুযোগ পাননি।
তবে সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি এক মুখপাত্র জানিয়েছেন, তার ধারণা এবার সু চি গাম্বারির সঙ্গে সাক্ষাৎ করতে চাইবেন।
ইয়াঙ্গুনে কর্মরত কূটনীতিকদের আশঙ্কা করছেন গাম্বারি যদি থান শ' বা সু চি'র সঙ্গে সাক্ষাতের সুযোগ না পান তাহলে তার সফর থেকে কিছুই আশা করার থাকবে না। এই সফরের ফল হবে শূন্য।
তবে জাতিসংঘের এক বিবৃতি বলা হয়েছে, "গাম্বারির সর্বশেষ সফরের সময় যে বিষয়গুলো উঠেছিল তা নিয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে এবার তিনি অর্থপূর্ণ আলোচনার চেষ্টা করবেন।"
বিশ্লেষকরা বলছেন, নতুন সংবিধান এবং ২০১০ সালে নির্বাচনী রোডম্যাপ বাস্তবায়নে সরকারের কঠোর অবস্থানের মধ্যে গাম্বারির এই প্রচেষ্টাও কার্যত ফলপ্রসূ হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইবি/এমএইচবি/১৯২০ ঘ.
bdnews24