নয়াদিল্লি, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মুম্বাই হামলার পরিপ্রেক্ষিতে গোয়েন্দা সংস্থাগুলো বিমান অপহরণের বিষয়ে একের পর এক সতর্ক করতে থাকায় ভারতের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কর্মকর্তারা শুক্রবার একথা জানিয়েছে।
নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, সম্ভাব্য বিমান অপহরণের বিষয়ে সতর্ক থাকতে সরকার গত বৃহস্পতিবার সর্বশেষ পরামার্শ দিয়েছে।
মুম্বাইয়ের পুলিশ কমিশনার হাসান গফুর টেলিফোনে রয়টার্সকে বলেন, "নির্দিষ্টভাবে কোনো সতর্কতা জারি করা হয়নি। তবে বিমানবন্দর কর্তৃপক্ষগুলোকে সাধারণভাবে হুশিয়ার করে দেওয়া হয়েছে। তাদের জানিয়ে দেওয়া হয়েছে, সম্ভাব্য বিমান অপহরণের বিষয়ে তারা যেন সতর্ক দৃষ্টি রাখে।"
তিনি আরও বলেন, "এখন অসংখ্য ব্যক্তিগত বিমান এবং হেলিকপ্টার প্রতিদিন বিমানবন্দরগুলোতে ওঠানামা করে। এর মধ্যে যে কোনো সময় বিমান অপহরণের ঘটনা ঘটতেই পারে।"
জঙ্গিরা বিমান অপহরণ করে এর বিনিময়ে ভারতীয় কারগারে আটক জঙ্গিদের মুক্তি দাবি করতে পারে বা সরকারি ভবনে হামলা চালাতে পারে বলে ভারতের গোয়েন্দা কর্মকর্তারা সরকারকে সতর্ক করে দিয়েছে।
নভেম্বরে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় ১৭৯ জন নিহতের ঘটনার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং দু'দেশ বাগযুদ্ধে জড়িয়েছে।
মুম্বাই হামলা পাকিস্তানি জঙ্গিরাই চালিয়েছে এবং পাকিস্তানের রাষ্ট্রীয় সংস্থাগুলো তাদেরকে সমর্থন দিয়েছে বলে অভিযোগ করে আসছে ভারত। কিন্তু পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে এবং ঘটনাটি তদন্তে ভারত কর্তৃপক্ষকে সহযোগিতা করার কথা বলে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯৩৫ ঘ.
bdnews24