ভিয়েনা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা 'আইএইএ'র সঙ্গে সোমবার বেসামরিক পরমাণু চুল্লি পরিদর্শন চুক্তি করবে ভারত। জাতিসংঘে ভারতের রাষ্ট্রদূত শুক্রবার একথা বলেছেন।
এই পরিদর্শন চুক্তি ওয়াশিংটন-নয়া দিল্লি বেসামরিক পরমাণু চুক্তির আওতায় ভারতের অভ্যন্তরীন বিদ্যুৎ খাতের জন্য পরমাণু শক্তিধর দেশগুলোর পারমাণবিক উপাদান ও প্রযুক্তি সরবরাহ শুরুর পূর্বশর্ত।
চুক্তি স্বাক্ষর সম্পর্কে ভারতের রাষ্ট্রদূত সৌরভ কুমার বৃহস্পতিবার বলেছেন, "আমরা এই চুক্তির জন্য সোমবার কিছু সময় হাতে রেখেছি।"
চুক্তির ব্যাপারে তিনি বিস্তারিত কোনো কিছু বলতে অস্বীকৃতি জানান। চুক্তিটি কার্যকর হওয়ার আগে নয়া দিল্লিকে এটি অনুমোদন করতে হবে।
জুলাইয়ে তৈরি খসড়া চুক্তিটিতে বলা হয়েছে, ভারতকে তাদের ঘোষিত ২২ টি বেসামরিক পরমাণু চুল্লির মধ্যে ১৪ টি আইএইএ'র নিয়মিত পরিদর্শনের আওতায় রাখতে হবে।
পরমাণু অস্ত্র বিস্তার রোধ কার্যক্রমের অংশ হিসাবে চলবে আইএইএ'র এই পরিদর্শন। ২০১৪ সালের মধ্যে ভারতের পরমাণু চুল্লিগুলো পরিদর্শনের আওতায় আসবে বলে আশা করছে আইএইএ।
গত আগস্টে আইএইএ'র বোর্ড অব গভর্নরস ওই খসড়া চুক্তি অনুমোদন করার পর সংস্থাটির মহাপরিচালক এল বারাদি একে ইতিবাচক পদক্ষেপ বলে প্রশংসা করেন। তিনি বলেন, "এই চুক্তি ভারতের জন্য ভাল। বিশ্বের জন্য ভাল, অস্ত্র বিস্তার রোধের জন্য ভাল এবং সর্বপোরি পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়তে আমাদের সমন্বিত প্রচেষ্টার জন্য ভাল।"
সেপ্টেম্বরে ৪৫ জাতি 'নিউক্লিয়ার সাপ্লাইয়ারস গ্র"প' (এনএসজি) ভারতের ওপর থেকে তিন দশকের পরমাণু বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নিতে রাজি হওয়ায় ভারতে পরমাণু জ্বালানি ও প্রযুক্তি সরবরাহ চুক্তির পথ সুগম হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬০৫ ঘ.
bdnews24