২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ২০ আগস্ট প্রেসিডেন্ট নির্বাচন

আফগানিস্তানে আগামী ২০ আগস্ট প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তালেবান উৎখাতের পর সবচেয়ে সহিংসতাপূর্ণ অবস্থার মধ্যে বৃহস্পতিবার নির্বাচন কমিশন এই ঘোষণা দিয়েছে। পেন্টাগনের ঘোষণা অনুযায়ী, দেশটিতে যুক্তরাষ্ট্রের সেনাসংখ্যা বাড়ানো হলে নিরাপত্তা ব্যবস্থার উন্নতি হবে বলে আশা করছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2009, 11:48 AM

Updated : 26 Aug 2022, 11:00 AM

কাবুল, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- আফগানিস্তানে আগামী ২০ আগস্ট প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তালেবান উৎখাতের পর সবচেয়ে সহিংসতাপূর্ণ অবস্থার মধ্যে বৃহস্পতিবার নির্বাচন কমিশন এই ঘোষণা দিয়েছে। পেন্টাগনের ঘোষণা অনুযায়ী, দেশটিতে যুক্তরাষ্ট্রের সেনাসংখ্যা বাড়ানো হলে নিরাপত্তা ব্যবস্থার উন্নতি হবে বলে আশা করছে সরকার। প্রেসিডেন্ট হামিদ কারজাই নির্বাচনে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করার সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। তবে প্রশাসনে ব্যাপক দুর্নীতি ও দেশে নিরাপত্তাহীনতা বৃদ্ধির প্রেক্ষাপটে তার জনপ্রিয়তা কমে গেছে। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট বারাক ওবামা আফগানিস্তানের মার্কিননীতির ব্যাপক পর্যালোচনা করে দেখার আদেশ দিয়েছেন। হোয়াইট হাউজের কর্মকর্তারা বলেছেন, আফগানিস্তানের ক্ষেত্রে 'তাৎপর্যপূর্ণ অসামরিক নীতি গ্রহণ' করা হতে পারে। কর্মকর্তারা এ কথায় দেশটিকে উন্নয়ন-সাহায্য দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। ওবামা প্রশাসন আফগানিস্তানে মার্কিন সেনাসংখ্যা ৩৬ হাজার থেকে প্রায় দ্বিগুণ ৬০ হাজারে উন্নীত করার পরিকল্পনা করছে। তালেবানরা দেশের দক্ষিণ ও পূর্বের পশতুন এলাকায় পুনরায় শক্তিশালী হয়ে উঠেছে। রাজধানী কাবুলের কাছাকাছি এলাকায়ও তাদের তৎপরতা দেখা গেছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস মঙ্গলবার আফগানিস্তানকে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় সামরিক চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭৩১ ঘ.