২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাঞ্চল থেকে আহতদের সরাতে দিচ্ছে না টাইগাররা: জাতিসংঘ

শ্রীলংকার উত্তরে প্রচণ্ড যুদ্ধ চলা স্থান থেকে আহত কয়েশ'লোককে নিয়ে একটি গাড়ি বহর তামিল টাইগারদের বাধার মুখে সরে যেতে পারছে না। জাতিসংঘ বুধবার এই অভিযোগ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2009, 11:25 AM

Updated : 26 Aug 2022, 11:00 AM

কলোম্বো, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- শ্রীলংকার উত্তরে প্রচণ্ড যুদ্ধ চলা স্থান থেকে আহত কয়েশ'লোককে নিয়ে একটি গাড়ি বহর তামিল টাইগারদের বাধার মুখে সরে যেতে পারছে না। জাতিসংঘ বুধবার এই অভিযোগ করেছে। শ্রীংলকার সেনাবাহিনী তামিল টাইগারদের ৩০০ বর্গকিলোমিটার এলাকায় কোনঠাসা করে রেখেছে। জাতিসংঘ ও রেডক্রসের হিসাব অনুযায়ী ওই এলাকায় দু'পক্ষের সংঘর্ষের মধ্যে আটকা পড়েছে প্রায় ২৫ হাজার বেসামরিক নাগরিক। টাইগাররা কয়েক শ' আহত লোককে সরিয়ে নেওয়ার অনুমতি দেয়নি, অন্যদিকে সরকারি সেনারা ওই অঞ্চলে পুনরায় গোলাবর্ষণ শুরু করেছে। জাতিসংঘ বলেছে, আহত লোকদের সরিয়ে আনার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। জাতিসংঘের মুখপাত্র গর্ডন ওয়েইস বলেছেন, এক পর্যায়ে সেনাবাহিনী গোলাবর্ষণ থামানোয় সেখান থেকে আহতদের সরিয়ে আনার সুযোগ তৈরি হয়েছিল কিন্তু টাইগাররা তখন বাধ সেধে জানায়, গাড়িবহরটির আগ বাড়ানো নিরাপদ নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯০৯ ঘ.