ওয়াশিংটন, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - টিভি টকশো কুইন অপরাহ উইনফ্রেকে সিনেটর করার কথা ভেবেছিলেন ইলিনয়ের সিনেটর রড ব্লাগোজেভিচ। এবিসি টেলিভিশনের 'গুড মর্নিং আমেরিকা' অনুষ্ঠানে সোমবার ব্লাগোজেভিচ বলেন, তার এক বন্ধু অপরাহকে সিনেটর করার পরামর্শ দিয়েছিলেন।
ব্লাগোজেভিচ বলেন, "তিনি এমন একজন ব্যক্তিত্ব যিনি বারাক ওবামাকে প্রেসিডেন্ট হতে দারুণভাবে সাহায্য করেছেন।"
ইলিনয় রাজ্যে প্রেসিডেন্ট বারাক ওবামার সাবেক আসনটিতে অর্থের বিনিময়ে কাউকে সিনেটর নিয়োগ করার চেষ্টার অভিযোগ এনে ব্লাগোজেভিচের বিরুদ্ধে রাজ্য সিনেটে অভিসংশনের প্রক্রিয়া চলছে।
কোনো সিনেটরের পদ শূন্য হলে নিয়ম অনুযায়ী পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত ওই পদে কাউকে নিয়োগ দেওয়ার একক ক্ষমতা রয়েছে রাজ্য গভর্নরের।
ব্লাগোজেভিচ বলেন, তার মনে হয়েছিল আমেরিকার অন্যতম ধনী নারী অপরাহ ওই প্রস্তাবে রাজি হবেন না। তিনি বলেন, "তিনি হয়তো এটা গ্রহণ করবেন না ... আপনি কীভাবে এটি তাকে বলবেন, এটি হয়তো তাকে বিব্রত করতে পারে কিংবা একে একটি চাতুরি মনে হতে পারে।"
সাক্ষাৎকারে ব্লাগোজেভিচ জানান, তাকে অভিসংশন করার জন্য সোমবার রাজ্য সিনেটের শুনানিতে উপস্থিত থাকবেন না তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭৩৫ ঘ.
bdnews24