ইয়াঙ্গুন, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারে জান্তা সরকার এবং গৃহবন্দি বিরোধী নেত্রী অং সান সু চির মধ্যকার সংলাপ সচল করার উদ্দেশ্যে জাতিংঘের বিশেষ দূত ইব্রাহিম গাম্বারি আগামী সপ্তাহে আবার ইয়াঙ্গুন যাচ্ছেন। কর্মকর্তা ও কূটনীতিকরা শনিবার এ তথ্য জানিয়েছেন।
মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ২১ জানুয়ারি থেকে ৩ ফেব্র"য়ারির এই সফরের সময় গাম্বারি শীর্ষ সরকারি কর্মকর্তা এবং সু চির ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
তবে জান্তা প্রধান জেনারেল থান শ' বা সু চির সঙ্গে গাম্বারির কোনো বৈঠক হবে কি-না সে বিষয়ে কিছু জানা যায়নি।
গত বছর গাম্বারির ৮তম মিয়ানমার সফরের সময় কর্মকর্তারা তার সঙ্গে ভাল আচরণ করেননি এবং এই সফরে তেমন কোনো অগ্রগতির আশা ক্ষীণ।
ইয়াঙ্গুনে কর্মরত এশিয়ার এক কূটনীতিক রয়টার্সকে বলেন, "গাম্বারি যদি থান শ' বা সু চি'র সঙ্গে সাক্ষাতের সুযোগ না পান তাহলে তার সফর থেকে আমরা কিছুই আশা করতে পারি না। সত্য বলতে কি, এর ফল হবে শূন্য।"
গত আগস্টে সু চির সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে গাম্বারি দু'বার ব্যর্থ হন। গণতন্ত্রে উত্তরণে জান্তা সরকারের পরিকল্পনার সঙ্গে সু চি বা তার দলকে সংশ্লিষ্ট করাতে গাম্বারির কার্যত সফল হতে পারেননি।
বিশ্লেষকরা বলছেন, নতুন সংবিধান এবং ২০১০ সালে নির্বাচনী রোডম্যাপ বাস্তবায়নে সরকারের কঠোর অবস্থানের মধ্যে গাম্বারির এই প্রচেষ্টাও কার্যত ফলপ্রসূ হবে না।
এনএলডি'র মুখপাত্র নুয়ান উইন বলেছেন, গাম্বারির এই সফর থেকে কিছু পাওয়ার আশা খুবই সামান্য।
তিনি বলেন, "আমরা আবারও তাকে মিয়ানমারে স্বাগত জানাই। কিন্তু তার এই সফর ফলপ্রসু হবে কি-না সে বিষয়ে আমরা নিশ্চিত নই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইবি/এমএইচবি/২০২৫ ঘ.
bdnews24