২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্যে শান্তির জন্য কাজ করার প্রতিশ্রুতি ওবামার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরপরই বুধবার ইসরায়েল ও ফিলিন্তিনের নেতাদের ফোন করে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2009, 03:59 AM

Updated : 26 Aug 2022, 10:58 AM

জেরুজালেম, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরপরই বুধবার ইসরায়েল ও ফিলিন্তিনের নেতাদের ফোন করে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বারাক ওবামা। গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার পরবর্তী পরিস্থিতি প্রধানমন্ত্রী ওলমার্টের কাছ থেকে ফোনে জেনে নিয়েছেন ওবামা। ওদিকে, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে মধ্যপ্রাচ্য শান্তি অর্জনে ওবামা তার প্রশাসনের কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। ফিলিস্তিনের এক কর্মকর্তা একথা জানিয়েছেন। ফিলিস্তিনের নেতারা পরবর্তীতে জানিয়েছেন, ইসরায়েল ফিলিস্তিনি ভূখন্ডে সব ধরনের বসতি স্থাপন বন্ধ করা এবং ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে অধিকৃত ভূমি ছেড়ে দিলেই কেবল তারা শান্তি আলোচনা শুরু করবেন। অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী ওলমার্ট গাজার বর্তমান পরিস্থিতি ওবামাকে জানিয়েছেন এবং ইসরায়েল, মিসর, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর চেষ্টায় গাজায় অস্ত্র চোরাচালান বন্ধে সফল হওয়ার আশা প্রকাশ করেছেন। বিবৃতিতে আরও বলা হয়, ওলমার্ট গাজায় ফিলিস্তিনিদের মানবিক সাহায্য সরবরাহের ব্যবস্থা করা এবং পশ্চিম তীরের অর্থনৈতিক অবস্থার উন্নতির চেষ্টা নিতে রাজি হয়েছেন। ওদিকে, ওয়াশিংটনে হোয়াইট হাউস জানিয়েছে, ওবামা মিসরের প্রেসিডেন্ট হোসনি মুবারক এবং জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সঙ্গেও কথা বলেছেন এবং তিনি সক্রিয়ভাবে মধ্যপ্রাচ্য শান্তির জন্য কাজ করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/০৯৪৮ ঘ.