২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমাদের প্রতি আফগান যুদ্ধকৌশল পুনর্বিবেচনার আহ্বান কারজাইয়ের

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই মঙ্গলবার পশ্চিমাদের প্রতি আফগান যুদ্ধকৌশল পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আফগানিস্তানে অস্থিতিশীলতার মূলে রয়েছে বিদেশি সেনাদের হাতে বেসামরিক নাগরিক নিহতের ঘটনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2009, 12:46 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

কাবুল, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই মঙ্গলবার পশ্চিমাদের প্রতি আফগান যুদ্ধকৌশল পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আফগানিস্তানে অস্থিতিশীলতার মূলে রয়েছে বিদেশি সেনাদের হাতে বেসামরিক নাগরিক নিহতের ঘটনা। ওদিকে, পশ্চিমা রাজনীতিবিদরা আফগানিস্তান পরিস্থিতির জন্য কারজাই প্রশাসনের দুর্বল শাসন ও দুর্নীতির সমালোচনা করে আসছেন। নিরাপত্তা রক্ষায় ব্যর্থতার জন্য আফগান জনগণের সমালোচনা এবং সেপ্টেম্বরে নির্বাচনের মুখে থাকা কারজাই মঙ্গলবার আবারও মার্কিন ও ন্যাটো বাহিনীর হামলায় বেসামরিক আফগান হতাহতের নিন্দা জানান। আফগানিস্তানে তালেবানদের বিরুদ্ধে লড়াই এবং ত্রাণ সরবরাহ কৌশল পুনর্বিবেচনার জন্য পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়ে কারজাই পার্লামেন্টের বার্ষিক উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, আমাদের বিদেশি বন্ধুদের জানা উচিত যে, এটি একটি শারিরীক ও মানসিক পীড়া। এটি আমাদের জন্য যন্ত্রণাদায়ক। নিরাপত্তা বিশেষজ্ঞদের হিসাবমতে, গত বছর আফগানিস্তানে বিদেশি সেনাদের হামলায় প্রায় ২ হাজার বেসমিরক নাগরিক নিহত হয়েছে। আর সব মিলিয়ে ২০০৮ সালে নিহতের সংখ্যা ৫ হাজারেরও বেশি। আফগানিস্তানে মার্কিন আগ্রাসনের পর গত বছরই নিহতের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। কারজাই বলেন, বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা কমানোর জন্য ৭০ হাজার সেনার ন্যাটো ও মার্কিন বাহিনীকে আফগান সরকারের সঙ্গে অভিযানের সমন্বয় করার মধ্য দিয়ে সামরিক ও নিরাপত্তা কৌশল পুনর্বিবেচনা করতে হবে। কারজাই জানান, গত সপ্তাহে নবনির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সফরকালে তিনি আফগান হতাহতের ঘটনা এবং সুশাসন নিয়ে আলোচনা করেছেন। আর বাইডেনও তাকে বিষয়টি সামাল দেওয়ার জন্য একটি দ্বিপক্ষীয় কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন। তাছাড়া, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামাও বৈদেশিক নীতির ক্ষেত্রে আফগানিস্তানকে সর্বোচ্চ অগ্রধিকার দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৪১ ঘ.