কলম্বো, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলংকা সেনা বাহিনীর ৫১ সদস্যকে হত্যার দাবি করেছে তামিল বিদ্রোহীরা। বিদ্রোহীদের একটি ওয়েব সাইটে শনিবার এ খবর জানানো হয়েছে। তবে সেনাবাহিনী জানিয়েছে, বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে মাত্র সাত সেনা নিহত হয়েছে।
নতুন বছরের শুরুতে লিবারেশন টাইগার অব তামিল ইলম (এলটিটিই) বিদ্রোহীদের বিরুদ্ধে দুটি বড় কৌশলগত জয় পাওয়ার পর চাঙ্গা হয়ে ওঠা সেনাবাহিনী যখন দাবি করছে তারা বিদ্রোহীদের সর্বশেষ শক্ত ঘাঁটির কাছাকাছি পৌঁছে গেছে তখনই বিদ্রোহীরা এই পাল্টা দাবি করল।
এলটিটিই'র গণমাধ্যম বিভাগ জানিয়েছে, ধর্মপুরাম গ্রামে সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করে বিদ্্েরাহীরা সামনে এগিয়ে গেছে। এই যুদ্ধে ৫১ সেনা নিহত ও ১৫০ জন আহত হয়েছে। বিদ্রোহী সমর্থিত তামিলনেট ডটকম ওয়েবসাইটে এ খবর জানানো হয়েছে।
সেনাবাহিনী তামিলনেট ডটকমের খবর অস্বীকার করেছে।
সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার উদয় নানায়াক্কারা বলেন, "আমাদের সেনারা ধর্মপুরম গ্রাম অতিক্রম করে গেছে। কাজেই খবরটি সত্য নয়।"
তিনি বলেন, "গতকালের সংঘর্ষে এলটিটিই'র ২১ জন এবং আমাদের পক্ষে সাত সেনা নিহত হয়েছে।"
সেনাবাহিনী দাবি করে আসছে, বিদ্রোহীরা দিনে দিনে কোনঠাসা হয়ে পড়ছে। সাহায্যকারী বেসরকারী সংস্থাগুলো জানিয়েছে, বিদ্রোহীরা যে এলাকায় আছে সেখানকার জনসংখ্যা প্রায় দুই লাখ ৩০ হাজার এবং সেখান থেকে মানুষজন আরও বেশি সংখ্যায় পালাতে শুরু করেছে।
সেনবাহিনী জানিয়েছে, বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকা থেকে শুক্রবার ১৬৯ জন তাদের কাছে এসে আশ্রয় নিয়েছে। এ নিয়ে মোট দুই হাজার দুইশ' জন তাদের এলাকায় চলে এসেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/২০৩১ ঘ.
bdnews24