সউল, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়ার নেতা কিম জং-ইল তার ছোট ছেলেকে উত্তরসূরী মনোনীত করেছেন। দক্ষিণ কোরিয়ার একটি সংবাদ সংস্থা বৃহস্পতিবার এ খবর জানিয়েছে।
কমিউনিস্ট রাষ্ট্র উত্তর কোরিয়ায় ক্ষমতার উত্তরসূরী নির্বাচনের বিষয়ে এতটা গোপনীয়তা রক্ষা করা হয়েছে যে কিমের পরিবারের সদস্য এবং তার একান্ত কাছের মানুষদের বাইরে কারো এ সম্পর্কে কোনো ধারণা ছিল বলে মনে হয় না।
তবে কিমের শাররিক অবস্থা অর্থাৎ অসুস্থতা এবং উত্তরসূরী নির্বাচনের বিষয়টি দক্ষিণ কোরিয়ায় অন্যতম আলোচিত বিষয়ে পরিণত হয়েছে।
উত্তর কোরিয়ার এক অজ্ঞাত গোয়েন্দা কর্মকর্তা দক্ষিণ কোরিয়ার ইয়নহাপ সংবাদ সংস্থাকে বলেন, "আমাদের বিশ্বাস চেয়ারম্যান কিম তার প্রয়াত তৃতীয় স্ত্রীর ছেলে সবার ছোট জং-উনকে উত্তরসূরী হিসেবে বেছে নিয়েছেন এবং এ বিষয়ে ওয়ার্কাস পার্টি এবং গাইডেন্স ডিপার্টমেন্টকে গত ৮ জানুয়ারি প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।"
ওই সূত্র আরও জানায়, বিষয়টি অধস্থনদের জানানোর জন্য দলের ঊর্ধ্বতন নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে।
১৯৯৪ সালের বাবার কাছ থেকে ক্ষমতা বুঝে নেওয়ার আগে কিমও পরবর্তী নেতা হিসেবে নিজেকে গড়ে তুলতে দলীয় নেতাদের কাছ থেকে সাহায্য পেয়েছিলেন।
তবে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছে, উত্তর কোরিয়ায় উত্তরসূরী নির্বাচনের বিভিন্ন খবর পাওয়া গেলেও কোনো কিছু এখনো নিশ্চিত নয়।
ধারণা করা হয় ১৯৮৩ বা ১৯৮৪ সালের প্রথম দিকে জং-উনের জন্ম। তিনি পড়ালেখা করেছেন সুইজারল্যান্ডে। বাবার খুব প্রিয় জং-উনের খ্যাতি আছে বুদ্ধিমান এবং চিন্তাশীল হিসেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/১৭৫০ ঘ.
bdnews24