ইসলামাবাদ, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের মুম্বাই হামলায় অভিযুক্ত জঙ্গি দল লস্কর-ই-তৈয়্যবা ও এর দাতব্য সংগঠনের ১২৪ জন নেতাকে গ্রেপ্তার করাসহ ৫ টি জঙ্গি প্রশিক্ষণ শিবির বন্ধ করে দিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। পাকিস্তান সরকার বৃহস্পতিবার একথা জানিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা রেহমান মালিক বলেছেন, "আমরা শীর্ষ ও মধ্য-পর্যায় মিলিয়ে মোট ১২৪ জন নেতাকে গ্রেপ্তার করেছি।"
মুম্বাইয়ে হামলা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা এবং জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানের ওপর আন্তর্জাতিক চাপের মুখে ১২৪ জন গ্রেপ্তার হল।
মুম্বাই হামলায় পাকিস্তানের রাষ্ট্রীয় সংস্থাগুলোর জড়িত থাকা এবং জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানের গাফিলতির অভিযোগ করে আসছে ভারত। কিন্তু পাকিস্তান এসব অভিযোগ অস্বীকার করে মুম্বাই হামলা তদন্তে ভারতকে সহযোগিতার প্রস্তাব দিয়েছে।
বৃহস্পতিবার লস্কর-ই তৈয়্যবা ও এর দাতব্য সংগঠন জামাত-উদ-দাওয়ার নেতাদের বিরুদ্ধে সরকারের গৃহীত ব্যবস্থার রূপরেখা দেওয়ার সময় রেহমান মালিক পুনরায় ভারতকে তদন্তে সহযোগিতার প্রস্তাব দেন।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমরা মোট ১২৪ জনকে গ্রেফতার করেছি।" আটককৃতরা মধ্য, নিম্ন-মধ্য ও শীর্ষ পর্যায়ের নেতা বলে উল্লেখ করেন তিনি।
লস্কর ই তৈয়্যবা ২০০২ সালে পাকিস্তানে নিষিদ্ধ হলেও জাতিসংঘ বলেছে, দলটি জঙ্গি কর্মকান্ডের জন্য দাতব্য সংগঠন জামাত-উদ-দাওয়াকে ব্যবহার করছে।
মুম্বাই হামলার পর লস্কর জাতিসংঘের কালো তালিকাভুক্ত হয়েছে। মালিক জানান, সরকার জামাত উদ দাওয়ার ২০ টি কার্যালয় বন্ধ করে দেওয়াসহ ৮৭ টি ধর্মীয় স্কুল, সেমিনারি বা মাদ্রাসা বন্ধ করে দিয়েছে এবং দলটির কিছু প্রকশনাসহ ছয়টি ওয়েবসাইটও নিষিদ্ধ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪১ ঘ.
bdnews24