তেহরান, জানুযারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বিদায়ী বুশ প্রশাসনের মতো ইরানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের পুনরাবৃত্তি না করার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করতে চলা বারাক ওবামাকে আহ্বান জানিয়েছে তেহরান। আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন ওবামা।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হাসান কাসকাভি এক সংবাদ সম্মেলনে সোমবার বলেছেন, ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তিত হলে "যথাসময়ে যথোপযুক্তভাবে" তার প্রতিক্রিয়া জানাবে ইরান।
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করা বারাক ওবামা গত সপ্তাহে বলেছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য "সত্যিকারের হুমকি" ইরান। তবে একইসঙ্গে তিনি বলেন, হুমকি হওয়া সত্ত্বেও ইরানের সঙ্গে সংলাপে যাওয়ার পক্ষে তিনি।
ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, "আমাদের দেখতে হবে যে, (ওবামার মাধ্যমে) এই পরিবর্তন হয় কি না এবং ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আচরণে ওই মৌলিক পরিবর্তন আসে কি না এবং তারা তা চর্চা করেন কি না।"
ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ে বিদায়ী বুশ প্রশাসনের নানা অভিযোগের প্রতি ইঙ্গিত করে ওই মুখপাত্র বলেন, ওবামার উচিৎ হবে "আগের মতো ওইসব বিবৃতি না দেওয়া যেগুলো ইরান ভ্রান্ত বলে প্রমাণ করেছে।"
গত রোববার ওবামা আরও বলেছেন, লেবাননের হিজবুল্লাহ গেরিলাদেরকে ইরানের সহায়তা দেওয়া এবং দেশটির পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭৩০ ঘ.
bdnews24