সিডনি, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আত্মঘাতী বোমহামলাকারী এবং বিদেশি যোদ্ধাদের দলে ভেড়ানোর কাজে জড়িত এক তালেবান কমান্ডারকে হত্যা করেছে আফগানিস্তানে মোতায়েন অস্ট্রেলিয় সেনারা। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার একথা জানিয়েছে।
গত বছর আফগানিস্তানে অনেকগুলো আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে তালেবান যোদ্ধারা। এসব হামলার বেশিরভাগেরই লক্ষ্য ছিল বিদেশি ও আফগান সেনারা। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এতে বেসামরিক লোকজনই বেশি হতাহত হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় উরুজগান প্রদেশে বিদেশি সেনাদের ওপর বোমা হামলার প্রাথমিক পরিকল্পনাকারী ছিলেন নিহত তালেবান কমান্ডার মোল্লা আব্দুল রশিদ।
উরুজগানে অস্ট্রেলিয়ার 'স্পেশাল অপারেশনস টাস্ক গ্র"প' এর এক অভিযানে নিহত হন রশিদ। তবে তিনি কবে কখন নিহত হয়েছেন সে সম্পর্কে বিবৃতিতে স্পষ্ট করে কিছু বলা হয়নি। শুধু ইঙ্গিত দেওয়া হয়েছে, গত সপ্তাহের কোনো এক সময় তিনি নিহত হয়েছেন।
অস্ট্রেলিয়ার চিফ অব জয়েন্ট অপারেশনস লেফট্যানেন্ট জেনারেল মার্ক ইভানস বলেন, "আব্দুল রশিদকে হত্যা করতে পারা 'স্পেশাল অপারেশনস টাস্ক গ্র"প' এর জন্য একটি বড় সাফল্য।"
তিনি আরও বলেন, "এর ফলে উরুজগান প্রদেশে বিদ্রোহী তৎপরতা আমরা অনেকাংশে কমিয়ে আনতে সফল হব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯০০ ঘ.
bdnews24