নিউ ইয়র্ক, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি শুক্রবার এর বাণিজ্যিক বিমান ইউনিটের সাড়ে চার হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। এ সংখ্যা কোম্পানির মোট কর্মীর প্রায় ৭ শতাংশ।
বিশ্ব অর্থনৈতিক মন্দার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে ব্যয় কমানোর উদ্যোগ হিসেবে বড় কোম্পানিগুলোর কর্মী ছাঁটাইয়ের কাতারে সর্বশেষ সংযোজন ঘটল বিমান তৈরিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রতিষ্ঠানটির।
পণ্যের চাহিদা কমে যাওয়ায় এর আগে কর্মী ছাঁটাই করেছে আলকোয়া, ক্যাটারপিলার. গাড়ি নির্মাতা ক্রাইসলারসহ বেশ কয়েকটি মার্কিন প্রতিষ্ঠান।
যুক্তরাষ্ট্রের সর্বশেষ সরকারি হিসাব অনুযায়ী কৃষিখামারের বাইরে গত ডিসেম্বর মাসে চাকরি হারিয়েছে পাঁচ লাখ মানুষ। বেকারত্বের হার উঠেছে ১৬ শতাংশে।
বোয়িং গত বছর বিমান নির্মাণের আদেশ পাওয়ার ক্ষেত্রে এয়ারবাসের থেকে পিছিয়ে পড়ে।
বোয়িং জানিয়েছে ছাঁটাই হওয়া কর্মীরা বিমান তৈরির সঙ্গে সরাসরি জড়িত নয়। এদের বেশিরভাগই সিয়াটল এলাকার কারখানায় নিয়োজিত।
ওয়াশিংটনের ডেমোক্র্যাটিক সিনেটর এ খবর শুনে বলেছেন, "আমাদের রাজ্য ওয়াশিংটনেও মন্দা হানা দেওয়ার আরেকটি দুঃসংবাদ এটি। বোয়িং আমাদের অঞ্চলের রক্তসঞ্চাচলের মতো। বোয়িং সমস্যায় পড়লে ওয়াশিংটনও সমস্যায় পড়ে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১৪০ ঘ.
bdnews24