২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাই জঙ্গির পরিচয় নিশ্চিত করেছে পাকিস্তান: দুররানি

মুম্বাইয়ে ধরা পড়া জঙ্গিটি পাকিস্তানের নাগরিক- এ খবর নিশ্চিত করেছে দেশটির নিরাপত্তা সংস্থাগুলো। ওই জঙ্গির পাকিস্তানি পরিচয় প্রকাশ করে বরখাস্ত হওয়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাহমুদ আল দুররানি বৃহস্পতিবার এই তথ্য জানিয়ে বলেছেন, প্রধানমন্ত্রীকে খবরটি প্রথমে না জানানোয় তাকে বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2009, 02:23 PM

Updated : 26 Aug 2022, 10:54 AM

ইসলামাবাদ, জানুয়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মুম্বাইয়ে ধরা পড়া জঙ্গিটি পাকিস্তানের নাগরিক- এ খবর নিশ্চিত করেছে দেশটির নিরাপত্তা সংস্থাগুলো। ওই জঙ্গির পাকিস্তানি পরিচয় প্রকাশ করে বরখাস্ত হওয়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাহমুদ আল দুররানি বৃহস্পতিবার এই তথ্য জানিয়ে বলেছেন, প্রধানমন্ত্রীকে খবরটি প্রথমে না জানানোয় তাকে বরখাস্ত করা হয়েছে। মুম্বাই হামলাকারীদের মধ্যে বেঁচে থাকা একমাত্র জঙ্গি মোহাম্মদ আজমল কাসাব পাকিস্তানি বলে ভারত কয়েক সপ্তাহ ধরে দাবি করে আসছিল। তবে পাকিস্তান ওই জঙ্গির নাম নাগরিকত্বের তালিকায় নেই উল্লেখ করলেও বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছিল। বুধবার দুররানিসহ কয়েকজন কর্মকর্তা ভারতের পুলিশি হেফাজতে থাকা কাসাবের পাকিস্তানি পরিচয় সাংবাদিকদের কাছে তুলে ধরার পরপরই প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি দুররানিকে বরখাস্ত করেন। দুররানিকে বরখাস্ত করার ঘটনাটিকে সত্য প্রকাশের পরিনাম বলে উল্লেখ করেছে ভারতের পত্রপত্রিকাগুলো। দুররানি বৃহস্পতিবার বলেছেন, পাকিস্তানের কর্তৃপক্ষ ও নিরাপত্তা সংস্থাগুলো ইতিমধ্যে ওই বন্দুকধারীর পাকিস্তানি পরিচয় নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে। রয়টার্সকে এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, "গতকালই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা বিশ্বকে বলব, মুম্বাইয়ে ধরা পড়া জঙ্গি পাকিস্তানি। কারণ বিষয়টি লুকিয়ে রাখার অর্থ হয় না।" "নিরাপত্তা সংস্থাগুলো এ কথা বলার জন্য অনুমোদন দিয়েছে।" দুররানি বলেন, কাসাবের পরিচয় প্রকাশ করার সিদ্ধান্তটি প্রধানমন্ত্রীকে না জানানোর কারণে তাকে বরখাস্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী এ ব্যাপারে কোনও কিছু জানতেন না। তিনি লাহোরে ছিলেন। গিলানির কার্যালয় থেকে বলা হয়েছে, দুরানির দায়িত্বজ্ঞানহীন আচরণ এবং প্রধানমন্ত্রী ও অন্যদের ওপর অনাস্থার কারণে তাকে বরখাস্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এমএইচবি/২০০৮ ঘ.