গাজা, জানুয়ারি, ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গাজায় বৃহস্পতিবার বোমাবর্ষণ করেছে ইসরায়েলের যুদ্ধবিমান। অন্যদিকে, স্থল অভিযানে ফিলিস্তিনি হামাস গেরিলাদের ওপর গোলাবর্ষণ করেছে ইসরায়েলি ট্যাংক। ২৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫৮ জনে। অবিলম্বে হামলা বন্ধের প্রয়োজনীয়তা স্বীকার করে যুক্তরাষ্ট্র মিসরের প্রস্তাবিত যুদ্ধবিরতিকে সমর্থন দিয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস বলেছেন, "যুদ্ধবিরতি অপরিহার্য বলেই মনে করছি আমরা।" ইউরোপ সমর্থিত মিসরের যুদ্ধবিরতি মেনে নেওয়ার জন্য তিনি ইসরায়েলকে চাপ দিচ্ছেন বলে জানান।"
বুধবার গাজায় সাময়িক যুদ্ধবিরতির পর আবার পুরোদমে হামলা শুরু করেছে ইসরায়েল। এদিনের হামলায় ৩ শিশুসহ ২০ জন নিহত হয়েছে। তবে অন্যান্য দিনের চাইতে নিহতের এই সংখ্যা ছিল তুলনামূলক কম।
বিদায়ী বুশ প্রশাসন এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামার শান্তির আহ্বানে সাড়া দিয়ে ইসরায়েল মিসরের যুদ্ধবিরতি প্রস্তাবের নীতিমালার সঙ্গে একমত হয়েছে এবং এটি কিভাবে বাস্তাবায়ন করা যায় তা নিয়ে আলোচনার জন্য কায়রোয় দূত পাঠাতে রাজি হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
এ প্রক্রিয়া শেষ হতে কয়েকদিন লেগে যেতে পারে। এর মধ্যে ইসরায়েলের সেনাবাহিনীর কমান্ডাররা গাজায় স্থল অভিযান চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ বলেই মনে করা হচ্ছে।
ওদিকে, হামাস বলেছে, তারা মিসরের যুদ্ধবিরতি প্রস্তাবটি পড়ে দেখছে। এ প্রস্তাবে হামাসকে নিরস্ত্র করার দাবির পাশাপাশি গাজায় ইসরায়েলি অবরোধ তুলে নেওয়ার দাবিও রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৩৮ ঘ.
bdnews24