জেরুজালেম, জানুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি বুধবার বলেছেন, ইসরায়েল ও ফিলিস্তিন কর্তৃপক্ষ গাজায় মিসরের প্রস্তাবিত যুদ্ধবিরতি মেনে নিয়েছে। তবে সারকোজির এই ঘোষণার পরও যুদ্ধবিরতি প্রস্তবটি নিয়ে মিসরের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে ইসরায়েল।
সারকোজির কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, "ইসরায়েল ও ফিলিস্তিন কর্তৃপক্ষ মঙ্গলবার রাতে শারম এল শেখ- এ (মিসরের) প্রেসিডেন্ট হোসনি মুবারকের প্রস্তাবিত ফ্রাঙ্কো-মিসরীয় যুদ্ধবিরতি পরিকল্পনা মেনে নেওয়ায় প্রেসিডেন্ট (সারকোজি) আনন্দিত।"
এতে আরও বলা হয়, "প্রেসিডেন্ট জনগণের দুর্ভোগ বন্ধে এই পরিকল্পনা যত দ্রুত সম্ভব বাস্তবায়নের আহ্বান জানাচ্ছেন।"
এর আগে গাজা নগরীর কাছে দিনে তিনঘন্টা হামলা বন্ধ রাখার পরিকল্পনা ঘোষণা করে ইসরায়েল। গাজায় মানবিক সাহায্য সরবরাহ করতে দেওয়ার জন্য ইসরায়েল এ পদক্ষেপ নিচ্ছে। ইসরায়েলের সামরিক বাহিনীর একটি সূত্র বুধবার একথা জানিয়েছে।
ওই সূত্র জানায়, "গাজা নগরী এলাকায় ইসরায়েলি সেনাবাহিনী প্রতিদিন দুপুর ১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অস্ত্র চালনা বন্ধ রাখবে।" বুধবার থেকেই তা শুরু হওয়ার কথা জানায় সূত্র।
ওদিকে, গাজার ফিলিস্তিনি কর্মকর্তারাও বলেছেন, তাদেরকে বলা হয়েছে, ইসরায়েল ওই সময়ে হামলা বন্ধ রাখবে। যাতে দোকানপাট খুলতে পারে এবং মৃতদেহ সৎকারের জন্য যথাস্থানে নেওয়া যায়।
প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের কার্যালয় এর আগে বলেছে, ইসরায়েলের সেনাপ্রধানরা একটি মানবিক সাহায্য সরবরাহ করিডোর খোলার সুপারিশ করেছে। এতে করে বিভিন্ন এলাকায় সাহায্য সরবরাহ সম্ভব হবে এবং ফিলিস্তিনিরা সাহায্য মজুদ রাখতে পারবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮১৯ ঘ.
bdnews24