২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় সেনা অভিযান মোকাবেলার অঙ্গীকার এলটিটিই'র

শ্রীলংকায় তামিল টাইগারদের শেষ ঘাঁটি জাফনা উপদ্বীপে সেনাদের অভিযান বুধবার মোকাবেলা করার অঙ্গীকার করেছে এলটিটিই। লিবারেশন টাইগার্স অব তামিল ইলম (এলটিটিই)'র রাজনৈতিক প্রধান বি নাদেশান বলেছেন, জনগণের সমর্থনেই তারা চলমান এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকবেলায় সক্ষম হবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2009, 11:37 AM

Updated : 26 Aug 2022, 10:54 AM

কলোম্বো, জানুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শ্রীলংকায় তামিল টাইগারদের শেষ ঘাঁটি জাফনা উপদ্বীপে সেনাদের অভিযান বুধবার মোকাবেলা করার অঙ্গীকার করেছে এলটিটিই। লিবারেশন টাইগার্স অব তামিল ইলম (এলটিটিই)'র রাজনৈতিক প্রধান বি নাদেশান বলেছেন, জনগণের সমর্থনেই তারা চলমান এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকবেলায় সক্ষম হবেন। শ্রীলংকার সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার উদয় নানায়াক্কারা বলেছেন, "জাফনার কাছে মঙ্গলবার সেনা অভিযানে এলটিটিই কোণঠাসা হতে শুরু করেছে। এদিন সেনারা উত্তরাঞ্চলীয় ফ্রন্টে তামিল টাইগারদের প্রতিরক্ষালাইন নিয়ন্ত্রণে নিয়েছে। অন্যদিকে, দক্ষিণ থেকে জাফনার প্রবেশদ্বার এলিফ্যান্ট পাসের দিকে অগ্রসর হচ্ছে সেনারা।" এ অভিযান সফল হলে তামিল গেরিলারা তখন তাদের একমাত্র বড় শহর মুল্লাইতিভুতে জড়ো হতে থাকবে। বিশ্লেষকরা বলছেন, সেনা অভিযান মোকাবেলার সর্বশেষ চেষ্টায় এলটিটিই ইতোমধ্যেই তাদের যোদ্ধাদের ভারী অস্ত্রশস্ত্র দিয়ে মুল্লাইতিভুতে পাঠাতে শুরু করেছে। সেনা অভিযানের মুখে ইতোমধ্যেই স্বঘোষিত রাজধানী কিলিনোচ্চি হারিয়েছে তামিল টাইগাররা। তারপরও তামিলপন্থি ওয়েবসাইটে এক সাক্ষাৎকারে বি নাদেশান সেনা অভিযান রুখে দাঁড়ানোর অঙ্গীকার করেন। তামিলনেটডটকম নাদেশানের উদ্ধৃতি দিয়ে বলেছে, "জনগণের সমর্থনের ওপর নির্ভর করেই আমরা ৩০ বছরেরও বেশি সময় ধরে সংগ্রাম এগিয়ে নিয়েছি। আর তাই জনসমর্থনের ভিত্তিতে নিশ্চিতভাবেই আমরা চলমান এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩২ ঘ.