বাগদাদ, জানুয়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বাগদাদের একটি শিয়া তীর্থস্থানে রোববার এক নারী আত্মঘাতী বোমা হামলায় ৩৫ জন তীর্থযাত্রী নিহত হয়েছে এবং আহত হয়েছে অন্ততপক্ষে ৭৯ জন।
শিয়াদের আশুরা উদযাপনের প্রস্তুতি চলাকালে বাগদাদের কাদিমিয়ায় ওই বোমা বিস্ফোরণ ঘটে। হতাহতদের অনেকেই ইরানি। নিরাপত্তা বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল কাশিম মুসাউই একথা বলেন।
কাশিম জানান, বিস্ফোরক বেল্ট পরা এক নারী তীর্থযাত্রীদের ভিড়ের মধ্যে ঢুকে গিয়ে বিস্ফোরণ ঘটায়।
প্রাথমিক খবরে কাশিম ৩৫ জন নিহত এবং ৭৯ জন আহত হওয়ার কথা জানিয়েছেন। তবে ইরাকি নিরাপত্তা সূত্রগুলো এর চেয়ে বেশি হতাহতের সংখ্যা উল্লেখ করেছে।
মার্কিন সেনারা ইরাকের নিরাপত্তার দায়িত্বভার হস্তান্তর শুরু করার এই সময়ে এ বোমা হামলার ঘটনা আগামী দিনে ইরাকের সামনের বিশাল চ্যালেঞ্জকেই স্মরণ করিয়ে দিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৩৩ ঘ.
bdnews24