নয়াদিল্লি, জানুয়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মুম্বাই হামলা যেভাবে চালানো হয়েছে তাতেই বোঝা যায় এতে পাকিস্তান-ভিত্তিক জঙ্গিরা জড়িত। এর প্রমাণ যুক্তরাষ্ট্রকে দেওয়া হবে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম রোববার একথা বলেছেন। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার আগে চিদাম্বারম একথা বললেন।
চিদাম্বারামের বক্তব্য পাকিস্তানের দাবির বিপক্ষে গেছে। মুম্বাই হামলায় জড়িত জঙ্গিরা বিরাষ্ট্রীয় বলে জোরগলায় দাবি করে আসছিল পাকিস্তান।
কিন্তু চিদাম্বারাম এনডিটিভি নিউজ চ্যানেলকে বলেন, "কমান্ডো অভিযান এবং গোয়েন্দাগিরির অভিজ্ঞতা আছে এমন কেউই এই হামলা পরিচালনা করেছে। আর এমন কোনও ব্যক্তি পুরোপুরি বিরাষ্ট্রীয় হতে পারে না। তারা রাষ্ট্রেরই কেউ অথবা তাদের পেছনে রাষ্ট্রের সহায়তা আছে, যতক্ষণ পর্যন্ত এর বিপরীত কোন প্রমাণ আমরা না পাচ্ছি, ততক্ষণ এটাই আমার ধারণা ।"
তিনি আরও বলেন, "এটি এমন এক মহা অপরাধ যার জন্য অনেক বিস্তারিত পরিকল্পনা, যোগাযোগ নেটওয়ার্ক, অর্থনৈতিক সহায়তা প্রয়োজন। এটি ছিল খুবই জটিল অভিযান।"
চিদাম্বারাম বলেন, এর লা জবাব এবং বিস্ময়কর প্রমাণ যুক্তরাষ্ট্রকে দেওয়া হবে।
মুম্বাই হামলার পর থেকেই ভারত পাকিস্তান-ভিত্তিক জঙ্গিদের এ ঘটনার জন্য দায়ী করে আসছে। পাকিস্তান এ হামলার নিন্দা জানিয়ে আন্তর্জাতিক চাপের মুখে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও এতে ভারত সন্তুষ্ট হয়নি। নয়াদিল্লি চায় পাকিস্তান তাদের জঙ্গি প্রশিক্ষণ শিবিরগুলো ধ্বংস করুক এবং অন্ততপক্ষে ৪০ জন শীর্ষ জঙ্গিকে হস্তান্তর করুক।
পাকিস্তান ভারতের কাছ থেকে মুম্বাই হামলায় পাক জঙ্গিদের জড়িত থাকার প্রমাণ দাবি করে বলেছে, প্রমাণ পেলে তারা ব্যবস্থা নেবে।
ভারতের পুলিশ বলেছে, মুম্বাই হামলায় ধরা পড়া একমাত্র জঙ্গি মোহাম্মদ আজমল কাসাব স্বীকার করেছ যে, সে একজন পাকিস্তানি। চিদাম্বারাম বলেন, আজ আজমল আমাদের পুলিশি হেফাজতে আছে। তার ডিএনএ আমরা পাব। এখন, পাকিস্তানের ফরিদকোট গ্রামে একজন আছেন যিনি নিজেকে আজমলের বাবা বলে দাবি করেছেন। তার ডিএনএ পাকিস্তান পাবে।"
তিনি বলেন, " এ পরিস্থিতিতে দুজনের ডিএনএ মিলালেই আমরা জানতে পারব কে কোনটা সত্য আর কোনটা মিথ্যা।"
চিদাম্বারাম আরও বলেন, "জঙ্গিরা পাকিস্তান-ভিত্তিক হোক আর না হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বজ্রকঠিন নিশ্চয়তা চায় ভারত।"
চিদাম্বারাম সতর্ক করে দিয়ে বলেন, "মুম্বাই হামলার পুনরাবৃত্তি হলে তাদেরকে চরম মূল্য দিতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭২৮ ঘ.
bdnews24