কলকাতা, জানুয়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পশ্চিমবঙ্গে নতুন করে বার্ড ফ্লু ভাইরাস দেখা দেওয়ায় শনিবার প্রায় ৬০ হাজার হাঁস-মুরগি নিধন করা শুরু হয়েছে শিলিগুড়ি জেলায়। কর্তৃপক্ষ জানিয়েছে, এ নিয়ে চতুর্থবার এইচফাইভএনওয়ান ভাইরাসের বিস্তার ঘটল এই রাজ্যে।
পশ্চিমবঙ্গের কর্মকর্তারা জানান, বাংলাদেশ সীমান্তবর্তী শিলিগুড়িতে হাঁস-মুরগির শরীরে শনিবার বার্ড ফ্লু ভাইরাস ধরা পড়েছে। ২০০৭ থেকে পশ্চিমবঙ্গে এ নিয়ে চতুর্থদফা ভাইরাসটির প্রাদুর্ভাব ঘটল। হাঁস-মুরগি নিধনের মাধ্যমে ভাইরাসের তৃতীয়দফা বিস্তার বন্ধের অভিযানটি মাত্র পক্ষকাল আগে শেষ হয়।
২০০৬ সালে ভারতে প্রথম বার্ড ফ্লু সনাক্ত হওয়ার পর কোটি কোটি হাঁস-মুরগি নিধন করা হয়েছে। এ সত্ত্বেও কিছুদিন পরপর কোথাও না কোথাও আবার ভাইরাসটি দেখা দিচ্ছে।
পশ্চিমবঙ্গের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা সুরেন্দ্র গুপ্ত রয়টার্সকে বলেন, "শিলিগুড়ির একটি গ্রামে ভাইরাসটি সনাক্ত হযেছে। সেখানে হাঁসমুরগি নিধন করতে আমরা ৩০টি দল পাঠিয়েছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১২৯ ঘ.
bdnews24