সিউল, জানুয়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নতুন বছরে কোরিয়া উপদ্বীপকে আবারও পরমাণু অস্ত্রমুক্ত করার প্রতিশ্র"তি দিয়েছে উত্তর কোরিয়া। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট বারাক ওবামা দায়িত্ব নেওয়ার পর তার সঙ্গে কাজ করে যাওয়ারও ইঙ্গিত দিয়েছে দেশটি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় পত্রিকার যুগ্ম সম্পাদকীয়তে বৃহস্পতিবার একথা বলা হয়েছে।
নতুন বছর উপলক্ষে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় পত্রিকাগুলোতে যুগ্ম সম্পাদকীয় লেখা হয়। নতুন বছরে সরকারি নীতির অগ্রাধিকারের বিষয়গুলো এতে তুলে ধরা হয়। বৃহস্পতিবার প্রকাশিত এই সম্পাদকীয়তে উত্তর কোরিয়া পরমাণু অস্ত্রমুক্তির প্রতিশ্র"তি দেওয়া ছাড়াও দেশের পতনোন্মুখ অর্থনীতি পুনরুদ্ধার এবং জনগণের জীবনমানের গুণগত উন্নয়নের প্রতিশ্র"তি দিয়েছে।
সম্পাদকীয়তে বলা হয়েছে, কোরিয়া উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করা এবং উত্তরপূর্ব এশিয়া ও বাদবাকী বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষায় আমাদের স্বাধীন বৈদেশিক নীতি দিন দিন আরও বেশি ন্যায়সঙ্গত বলে প্রতীয়মান হচ্ছে।
প্রায় ৮ টি বোমার জন্য যথেষ্ট পরিমাণ প্লুটোনিয়াম সমৃদ্ধ উত্তর কোরিয়া প্রায়শই পরমাণু কর্মসূচি থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতিশ্র"তিবদ্ধ হয়েছে। কিন্তু অর্থনৈতিক উন্নয়নের লোভনীয় প্রস্তাব পাওয়ার পরও উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা বারবার বিফল হয়েছে।
পরমাণু অস্ত্র কর্মসূচি যাচাই করতে দেওয়ার বিষয়টি নিয়ে উত্তর কোরিয়া আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ আলোচনায় রাজি না হওয়ায় যুক্তরাষ্ট্র গতমাসে দেশটিতে ভারী জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়ার কথা বলেছে। বিশ্লেষকরা বলছেন, এই জ্বালানি না পেলে উত্তর কোরিয়ার অর্থনীতি আরও ধসের মুখে পড়বে।
কিন্তু নতুন বছরে বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়নের কথাই জানিয়েছে উত্তর কোরিয়া। তাছাড়া, বুশ প্রশাসনের সঙ্গে উত্তর কোরিয়ার বাগযুদ্ধ থাকলেও সম্পাদকীয়তে ওবামা সম্পর্কে কোনও সমালোচনামুলক মন্তব্য করেনি দেশটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৪৬ ঘ.
bdnews24