সিঙ্গাপুর/নিউ ইয়র্ক, জানুয়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কয়েক দশকের মধ্যে তীব্র অর্থনৈতিক সঙ্কটের বছর ২০০৮ সাল পার হওয়ায় বিনিয়োগকারীদের অনেকেই হাফ ছেড়ে বেঁচেছে। সবাই প্রত্যাশা করছে, বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারে বিভিন্ন দেশে সরকারের নেওয়া পরিকল্পনায় নতুন বছরে মন্দা দূর হবে। তবে দুরবস্থা এখনও পুরোপুরি না কাটায় দুর্দশা আরও বাড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে নতুন বছর ২০০৯ এ।
নতুন বছরের প্রথম দিকেই দেউলিয়াত্ব, ঋণের বোঝা বেড়ে যাওয়াসহ আরও বেশি মানুষ চাকরি হারানোর আশঙ্কা আছে। বিশ্ব অর্থনৈতিক সঙ্কটে ইতোমধ্যেই ঘুম হারাম হয়ে যাওয়া লোকজনের আরও অনেক রাতই নির্ঘুম কাটাতে হবে।
বিশ্ব অর্থনীতিতে মন্দার কারণে ২০০৮ সালটি ছিল বিনিয়োগকারীদের জন্য অন্যতম খারাপ বছর। ৮০ বছরের মধ্যে ২০০৮ সালেই যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় অর্থনৈতিক সঙ্কটে পড়েছে।
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সঙ্কটের প্রভাব পড়েছে বিশ্বের অন্যান্য দেশেও। ইউরোপের ব্যাংকগুলোতে অর্থনৈতিক সঙ্কট দেখা দেওয়ার পাশাপাশি অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ জাপানও সঙ্কট থেকে বাদ পড়েনি। বিশ্বের সবচেয়ে বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জাপানের টয়োটা ২০০৮ সালেই বড় ধরনের লোকসানের মুখে পড়ার আশঙ্কা প্রকাশ করে।
কিন্তু ওই মন্দার চেয়েও নতুন বছরে আরও বাস্তব অর্থনৈতিক মন্দার মুখে পড়ার কথা বলেছেন 'সেভেন ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট' এর পরিচালক জাস্টিন আরকার্ট স্টুয়ার্ট। গত বছর অর্থনৈতিক সংকট কাটানোর ব্যাপারে খুব বেশি আশাবাদী হয়ে বোকামি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, "গত বছর অর্থনীতির অনেক দুর্বল দিক হিসাবে না নেওয়ায় পরিস্থিতি খারাপের দিকে মোড় নিয়েছে।"
সঙ্কটের শিকার হওয়া লোকজনের সংখ্যা বাড়ছে। প্রায় প্রতিদিনই নতুন করে নানা কোম্পানিতে লোকসান, লোকজনের চাকরি চলে যাওয়া এবং গাড়ি, বাড়ি, সম্পত্তির দাম কমে যাওয়ার খবর আসছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম পেট্রোকেমিক্যাল ফার্ম নিওন্ডেল বাসেল ঋণ সমন্বয় করে দেউয়ালি আইনের আশ্রয় নেওয়ার কথা জানিয়েছে। নিউ ইয়র্ক এবং মিলওয়াউকির ব্যবসায়িক কর্মকাণ্ডের অগ্রগতির কোনও লক্ষণ নেই।
গত এক বছরে যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক মন্দায় ইতোমধ্যেই চাকরি চলে গেছে ২৭ লাখ লোকের, বেকারের হার দাঁড়িয়েছে ৬ দশমিক ৭ শতাংশ। অর্থনীতিবিদদের ধারণা, এই হার ২০০৯ সালে ৮ শতাংশ ছাড়িয়ে যেতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এমএইচবি/১৮৩৭ ঘ.
bdnews24