গাজা, জানুয়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে বৃহস্পতিবার ষষ্ঠ দিনের মতো গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার পার্লামেন্ট ভবনসহ সরকারি ভবনগুলোকে লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা চলছে। ওদিকে, হামাসও ইসরায়েলে রকেট হামলা বন্ধ করেনি।
চারদিন ধরে ইসরায়েলি যুদ্ধ বিমানের মুহুর্মুহু ভারী বোমা বর্ষণের পর ফিলিস্তিনের হামাস নিয়ন্ত্রিত গাজা বুধবার কিছুটা শান্ত হলেও হামলা পুরোপুরি বন্ধ হয়নি। বুধবার সকালেও ইসরায়েল দুটি বিমান হামলা চালিয়েছে গাজায়।
গত ২৭ ডিসেম্বর গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। লাগাতার এ হামলায় কমপক্ষে ৩৮৪ জন নিহত এবং ৮০০ শ'রও বেশি ফিলিস্তিনি আহত হয়েছে।
অন্যদিকে, হামাসের রকেট হামলায় নিহত হয়েছে ৪ ইসরায়েলি। বুধবার ইসরায়েলের অন্যতম প্রধান শহর বীরসেবা-তে রকেট হামলা চালিয়েছে হামাস যোদ্ধারা ।
যুদ্ধবিধ্বস্ত গাজায় জরুরি ওষুধ, ত্রাণ ও মানবিক সাহায্য সরবরাহের সুবিধার্থে ফ্রান্সের ৪৮ ঘন্টার যুদ্ধবিরতি প্রস্তাবকে বুধবার অবাস্তব বলে মন্তব্য করে ইসরায়েল।
সহিংসতা বন্ধের জন্য উভয় পক্ষের ওপর চাপ প্রয়োগ করে চলেছে বিদেশি শক্তিগুলো।
কিন্তু ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যিগাল পামোর বলেছেন, "(ফ্রান্সের) যুদ্ধবিরতি প্রস্তাবটিতে এমন কোনো নিশ্চয়তা নেই যে, হামাস রকেট হামলা এবং চোরাকারবার বন্ধ করবে।"
গাজায় বিমান হামলার পঞ্চম দিনে ইসরায়েলি মুখপাত্র বলেন, "হামাসের গুলিবর্ষণ ও সন্ত্রাস বন্ধের কোনো ব্যবস্থা ছাড়াই ইসরায়েল এককভাবে যুদ্ধবিরতি কার্যকর করবে এটা কোনোভাবেই বাস্তবসম্মত নয়।"
বুধবার ইসরায়েলের দুটি বিমান হামলায় গাজায় এক চিকিৎসাকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্যকর্র্মীরা।
অপরদিকে, গাজা সীমান্ত থেকে ৪০ কিলোমিটার ভেতরে দক্ষিণ ইসরায়েলের বীরসেবা শহরে দুটি রকেট হামলা চালায় হামাস। এর মধ্যে একটি রকেট বুধবার সকালে একটি স্কুলে আঘাত হানে। তবে স্কুলটি সেসময় বন্ধ ছিল। কেননা, মঙ্গলবার রাতে প্রথম রকেটটি আঘাত হানার পরই স্থানীয় কর্তৃপক্ষ সেখানকার স্কুলগুলো বন্ধের নির্দেশ দেয়।
ওদিকে,গাজায় বিমান হামলার পাশাপাশি স্থল হামলা শুরুর ইঙ্গিত দিয়ে সীমান্ত এলাকায় বিপুল সংখ্যক সেনা সমাবেশ ঘটিয়েছে এবং ট্যাংকসহ ভারী সামরিক যান ও অন্যান্য যুদ্ধ সরঞ্জামাদি জড়ো করছে ইসরায়েল। কিন্তু গত কয়দিন বৃষ্টি থাকায় বুধবার নতুন করে ভারী বর্ষণের কারণে তা বিলম্বিত হয়ে থাকতে পারে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৩২ ঘ.
bdnews24